রংপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কেন্দ্রীয় কারাগারে জুলেখা বেগম নামে পাঁচ মাস বয়সী এক শিশু রোববার রাতে খুন হয়েছে। কারা কর্তৃপক্ষের ধারণা তার মা সুমি বেগমই (২৫) তাকে হত্যা করেছে।
সুমি বেগমকে আসামি করে রংপুর কারাগারের জেলার জয়নাল আবেদীন কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সুমি বেগম গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চারানী শেরপুর গ্রামের আবেদ আলীর স্ত্রী।
কোতয়ালী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ হাশেমী জানান, গত বছর ১৫ নভেম্বর একটি হত্যা মামলায় সুমি বেগমকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সুমি গর্ভবতী ছিলেন। এ বছর ৯ জানুয়ারি কারাগারে এই মেয়েটির জন্ম হয়। নাম রাখা হয় জুলেখা বেগম।
জেলার জয়নাল আবেদীন জানান, রোববার গভীর রাতে সুমি তার মেয়ে জুলেখাকে শ্বাসরোধ করে মেরে হাজতের ভেতর একটি পানির ড্রামে ফেলে রাখেন। সোমবার সকালে অন্য মহিলা হাজতিরা লাশটি দেখে কারা কর্তৃপক্ষকে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমি বেগম শিশুটিকে হত্যা করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আজমল হোসেন বলেন, "শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়।"
ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহাম্মেদের উপস্থিতিতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলজ হাসপাতাল মর্গে পাঠায়। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে লাশ শিশুটির বাবা আবেদ আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24