চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট ঘোষণার দিন সোমবার প্রায় দুই হাজার গাড়ি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে একটি বিশাল আয়তনের জাহাজ। গত ২৭ মে আরেকটি জাহাজে করে এসেছে ১৭৮৫টি গাড়ি।
বাজেটে শুল্ক বাড়ার সম্ভাবনায় দু'সপ্তাহের ব্যবধানে এত বেশি গাড়ি আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমদানিকারক, বন্দর ও শুল্ক কর্মকর্তারা বলছেন, এত বেশি গাড়ি আমদানির পেছনে কোন কারসাজি নেই।
বন্দরের উপ ব্যবস্থাপক (পরিবহন) মোতাহের উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাপান থেকে ১৯৮৬টি রিকন্ডিশন্ড কার, জিপ ও মাইক্রোবাস নিয়ে পানামার পতাকাবাহী 'লিলাক এইচ' নামের একটি জাহাজ সোমবার জেটিতে ভিড়বে। এটিই হবে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে গাড়ির সবচেয়ে বড় চালান।
এর আগে গত ২৭ মে এমভি মর্নিং ব্রিজ নামে অপর একটি জাহাজে করে আনা হয় ১৭৮৫টি গাড়ির একটি চালান।
হঠাৎ করে এই বিপুল সংখ্যক গাড়ি আমদানির ফলে জায়গা সংকুলান নিয়ে বিপাকে পড়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের উপ ব্যবস্থাপক (পরিবহন) মোতাহের উদ্দিন জানান, বর্তমানে বন্দরের চারটি শেডে নিলামের ৬৫০টি নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে ২২৯৬টি গাড়ি। সোমবার এর সঙ্গে যোগ হচ্ছে আরও ১৯৮৬টি। অথচ বন্দরে আছে মাত্র তিন হাজার গাড়ি রাখার স্থান।
গাড়ি দ্রুত খালাস না হলে বন্দরে অন্যান্য পণ্য রাখা নিয়ে সঙ্কট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রামের অন্যতম আমদানিকারক ও বারভিডার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ বিপুল গাড়ি আমদানির পেছনে শুল্ক ফাঁকি কিংবা অন্য কোনো কারসাজি নেই। বাজেটে ট্যাক্স বৃদ্ধি এক ধরনের 'ট্রাডিশনে' পরিণত হয়েছে। এ কারণে প্রতি বাজেটের আগে এমনিতেই বেশি গাড়ি আমদানি হয়ে থাকে।
তিনি জানান, আমদানিকারকরা দ্বিগুণ হারে ব্যাংক ঋণ পাচ্ছে। এছাড়া ৯৫ শতাংশ গাড়ি বিক্রি হচ্ছে ব্যাংক ঋণের মাধ্যমে। এ বছর ব্যাংক ঋণের এ সুবিধার কারণেই মূলত আমদানি ও বিক্রি বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।
তবে জিপের আমদানি বৃদ্ধির পেছনে বাজেটে শুল্ক বাড়ার ধারণা কাজ করছে বলে তিনি স্বীকার করে তিনি জানান, দুটি জাহাজে করে আসা চার হাজার গাড়ির মধ্যে ১২ শটি জিপ।
গাড়ি খালাসে ধীরগতি হচ্ছে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "পরিস্থিতি বোঝার জন্য আমদানিকারকরা যেমন কিছুটা সময় নিচ্ছে তেমনি ক্রেতারাও বাজেট পর্যন্ত অপেক্ষা করছেন কী হয় দেখার জন্য।"
আরেক আমদানিকারক এইচএন অটোমোবাইলসের শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যবিত্তের বড় একটি অংশ গাড়ি কেনার দিকে ঝুঁকে পড়ায় গত এক বছরে গাড়ি বিক্রির হার বেড়েছে। আগামী বছরও এটি অব্যাহত থাকবে ধরে নিয়ে ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগ করছেন। তাই আমদানির পরিমাণও বেড়েছে। এর সঙ্গে শুল্ক কম দেখানো কিংবা মানি লন্ডারিংয়ের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, বিশ্বব্যাপী বিশেষ করে জাপানে গাড়ির দাম বেড়ে যাওয়ায় অনেকে একসঙ্গে বেশি করে গাড়ি আমদানি করছেন। পুরনোদের পাশাপাশি বেশ কিছু নতুন আমদানিকারকও গাড়ি ব্যবসায় অর্থ বিনিয়োগ করায় গত বছরের চেয়ে আমদানির পরিমাণ বেড়েছে।
চট্টগ্রাম শুল্ক ভবনের শুল্ক কমিশনার (আমদানি) নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "গতবারের চেয়ে (বাজেট ঘোষণা) এবার গাড়ি আমদানি কিছু বেশি। তবে এটিকে অস্বাভাবিক বলা যাবে না।"
তিনি বলেন, দ্রুত যাতে এসব গাড়ি খালাস হয় সেজন্য উদ্যোগ নেওয়া হবে। শুল্কায়নে যাতে কোনো অসঙ্গতি না থাকে সেদিকেও নজর রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24