২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার

গার্মেন্টস শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে সাভারের সিজান সুয়েটার কারখানা থেকে রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. মিলন (২২), রানা শেখ (২১) ও মো. আলামিন (২০)। এদের কাছে পাওয়া পরিচয়পত্রে জানা গেছে তারা বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 05:51 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

সাভার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টস শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে সাভারের সিজান সুয়েটার কারখানা থেকে রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. মিলন (২২), রানা শেখ (২১) ও মো. আলামিন (২০)। এদের কাছে পাওয়া পরিচয়পত্রে জানা গেছে তারা বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান কৌশিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ তিনজন সকাল আটটার দিকে অন্য শ্রমিকের সঙ্গে কৌশলে কারখানার ভেতর প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা শ্রমিকদের নানা উসকানিমূলক কথা বলে। এতে সন্দেহ হলে শ্রমিকরা তা কারখানার মালিক জিয়াউল রহমানকে জানায়। তিনি পুলিশকে খবর দেন। কৌশিক আহমেদ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে গত ৩ জুন সাভারে গার্মেন্টস শিল্পে হামলা ও ভাঙচুর ঘটনার সঙ্গে তারা জড়িত ছিল। এখানেও শ্রমিকদের উসকানি দেওয়ার জন্য ঢুকেছে তারা। পুলিশ দেহ তল্লাশি করে তিনজনের কাছ থেকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পরিচয়পত্র পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৪৫ ঘ.