২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: ড. ইউনূস

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র প্রবাসী শরিফ ইমতিয়াজ বোস্টন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোবেলজয়ী ড. ইউনূসের আগমন ঘিরে ব্যাপক জনসমাবেশ হয় এমআইটিতে। অনুষ্ঠানে ১০ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। ড. ইউনূস শিক্ষার্থীদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন। ড. ইউনূস বলেন, "ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আমাদের স্বপ্নের বিশ্ব গড়তে সবাইকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।" এ ক্ষেত্রে তরুণদের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, "তরুণ-তরুণীদের মধ্যে অফুরন্ত সম্ভাবনা লুকিয়ে আছে। মানব জাতির কল্যাণ এবং সভ্যতার বিকাশে তাদের এগিয়ে আসতে হবে।" আগামীর সম্ভাবনা কাজে লাগিয়ে মানবকল্যাণে এগিয়ে আসতে এমআইটির শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নোবেলজয়ী এ বাংলাদেশী। ক্ষুদ্র ঋণের সাফল্যের জন্য বিশ্বব্যাপী আলোচিত অর্থনীতিবিদ ইউনূস বাংলাদেশের চিত্র তুলে ধরে বলেন, "বাংলাদেশে বহু সমস্যা রয়েছে। এ সব সমস্যা সমাধানে ক্ষুদ্র ঋণের কার্যকারিতা স্বীকৃতি পেয়েছে বিশ্বব্যাপী। কিন্তু দারিদ্র্য এখনও পুরোপুরি দূর হয়নি। এ জন্য ক্ষুদ্র ঋণ ছাড়া আর কী কী প্রক্রিয়া আছে, তা নিয়ে আমাদের ভাবতে হবে।" দারিদ্র্য বিমোচনে 'সোস্যাল বিজনেস' এর ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, "সোস্যাল বিজনেসের ধারণা থেকে বাংলাদেশে পুষ্টির জন্য দই, চক্ষু হাসপাতাল, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ইত্যাদি বিষয়ে বিনিয়োগ শুরু হয়েছে। তথ্য প্রযুক্তির সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে ইন্টেলের সঙ্গেও একটি চুক্তি করেছে গ্রামীণ।" ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের যাত্রার শুরু এবং এর সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে ড. ইউনূসকে পরিচয় করিয়ে দেন এমআইটির প্রেসিডেন্ট সুজান হকফিল্ড। তিনি ন্যায়ভিত্তিক সমাজ গড়া এবং বিশ্বের কল্যাণে ড. ইউনূসের মতো ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এই সফরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসের ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫২ ঘ.