২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ পাঠাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বিকেলে

সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া এবং খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যাপারে রোববার বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে বৈঠক শেষে কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 07:02 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া এবং খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যাপারে রোববার বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে বৈঠক শেষে কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান এ তথ্য জানান। জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন জনকে বিদেশে পাঠানোর ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।" তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনকে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি কোন মন্তব্য করবো না"। এদিকে খালেদা জিয়া বলেছেন তিনি বিদেশে যেতে চান না। রোববার সকালে নাইকো মামলায় হাজিরার পর তিনি সাংবাদিকদের বলেন, "বিদেশে যাবো না, দেশেই ভালো চিকিৎসক রয়েছে।" সরকারের সংবিধান পরিবর্তনের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, "এ সরকারের এ অধিকার নেই। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আগামী সংসদ এটা করতে পারে।" স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জাকির হাসান বলেন, "আমরা অনেক বিষয় নিয়েই আলোচনা করেছি। তবে তিনজনকে বিদেশে পাঠানোর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।" গত বৃহস্পতিবার কিছুটা আকস্মিকভাবে শেখ হাসিনা এবং আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার জন্য পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ড দু'জনের স্বাস্থ্য পরীক্ষা করে সরকারের কাছে রিপোর্ট দেয়। পরদিন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্যও আরো একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং বোর্ডের সদস্যরা সেদিনই তাকে পরীক্ষা করেন। তিনটি রিপোটর্ই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৩১০ঘ.