ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে সরকারের আর্থিক ক্ষতি করার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ফিরোজ মাহমুদ ইকবালকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রায়ে তার ৩৬ লাখ ৫ হাজার ৭শ' ৮৮ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডও হয়েছে।
রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মো: আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন।
আসামি ফিরোজ মাহমুদ ইকবাল পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে।
ক্ষমতার অপব্যবহার করে সরকারি ৫টি গাড়ি ব্যক্তিগত কাজের ব্যবহারের অভিযোগ এনে গত বছরের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করা হয়। এর বাদি ছিলেন দুদকের উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
এতে অভিযোগ করা হয়, ওই গাড়িগুলোর জ্বালানি ও অন্যান্য খরচ বাবদ সরকারের ৩৬ লাখ ৫ হাজার ৭শ' ৮৮ টাকার ক্ষতি করেছেন ফিরোজ মাহমুদ।
এর আগে সম্পত্তির হিসাব না দেওয়ায় এবং দুর্নীতির মাধ্যমে সম্পত্তি অর্জন করার আলাদা দুটি মামলায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একটি মামলায় তার স্ত্রীও সাজা পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসকে/
bdnews24