রংপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের মাস্টারপাড়া মহল্লায় জান্নাত রনি (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে শুক্রবার পুড়িয়ে মারার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
তারা ঘরের ভেতর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ঘুমন্ত রনি মারাত্মকভাবে দগ্ধ হয়। তার মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
রনিকে প্রথমে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।
সে এ বছর রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল।
এ ঘটনায় রনির বাবা সোনালী বাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা আবদুর রউফ কোতোয়ালি থানায় শফিকুল গনি স্বপন ও নাসিরুদ্দিন শুভসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ুন জানান, ঘটনার পরপরই পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবেদ, হেলাল ও মকবুল নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে। তবে মামলার মুল আসামি স্বপন ও শূভকে গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পেট্রোলসহ দুইটি বোতল, জিআই তার, রশি ও একটি ক্যাপ উদ্ধার করেছে। ওই ক্যাপটি শূভ ব্যবহার করত বলে জানিয়েছে রনির পরিবারের সদস্যরা।
রনির পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের বড়বাড়ি এলাকার আবদুর রশীদের ছেলে শফিকুল গনি স্বপনের (৩২) রনিকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে।
ওই পরিবারের বরাত দিয়ে ওসি হুমায়ুন জানান, শুক্রবার রাতে পড়া শেষে রনি একা তার কক্ষে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকে তার খাট লাগোয়া বন্ধ জানালার ফাঁক দিয়ে প্লাস্টিকের নলের সাহায্যে ঘরের ভেতর পেট্রোল ছড়িয়ে দেয়।
এরপর পাটের দড়ি দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন এক পর্যায়ে রনির শরীর ও খাটে লেগে যায়। এ সময় তার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোট বোন নুরী তাসমিন রিমি ছুটে এসে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তার বাবা-মা এসে দরজা ভেঙ্গে অজ্ঞান রনিকে উদ্ধার করে।
শফিকুল গনি স্বপন, তার বন্ধু নাসিরুদ্দিন শুভসহ আরও কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে রিমি পুলিশকে জানিয়েছে।
রনির মা মঞ্জিলা বেগম সাংবাদিকদের জানান, শফিকুল গনি স্বপন ২০০৪ সালে রনিকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় স্বপন তাকে অপহরণ করে। ওই সময় একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সে ছয় মাস জেলও খাটে। এরপর সে তাদের পরিবারের লোকজনকে নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু এতে রনির বাবা-মা রাজি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24