চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ বলেছেন, অপরাধ দমন এবং ডিসেম্বরে সুষ্ঠু পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই বিশেষ অভিযান চালানো হচ্ছে। রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তারের বিষয়টি আবারও নাকচ করেছেন তিনি।
আইজিপি বলেন, "রাজনৈতিক কারণে হয়রানির উদ্দেশ্যে এ অভিযান চালানো হচ্ছে না। ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করার পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। আগের তুলনায় অপরাধ বেড়েছে। তাই অপরাধ দমন করতে এবং ডিসেম্বরে যাতে সুষ্ঠু পরিবেশে নির্বাচন করা যায় সেজন্য এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।"
শনিবার দুপুরে নগরীর খুলশীতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে রেঞ্জের ওয়েবসাইট (িি.িপঃমৎধহমবঢ়ড়ষরপব.পড়স) উদ্বোধন শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন।
'বাংলাদেশে গণগ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন বলে নাকচ করেছেন তিনি।
আইজিপি বলেন, "যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা মামলা রয়েছে তাদেরকেই এ অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে।"
বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "রাজনৈতিক নেতা-কর্মী কেউ গ্রেপ্তার হয়ে থাকলে ধরে নিতে হবে তার বিরুদ্ধে থানায় সুর্নিদিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে। তা কখনোই উদ্দেশ্যপ্রণোদিত নয়।"
যাদের ধরা হচ্ছে তাদের কেন জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হচ্ছে- এই প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ বলেন, "খুব কম সংখ্যক আসামিকে এর আওতায় আনা হয়েছে।"
এ অভিযানে সাধারণ মানুষের ভোগান্তি বা পুলিশের গ্রেপ্তার বাণিজ্য বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এ ধরনের সুর্নিদিষ্ট অভিযোগ কোথাও থেকে আসেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) মনজুর কাদের খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এম আকবর আলীসহ বিভাগের ১১ জেলার পুলিশ সুপার এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নুর মোহাম্মদ বলেন, "যেভাবে পুলিশকে ঢেলে সাজানোর দরকার ছিল অতীতে নানা কারণে তা সম্ভব হয়নি। রাতারাতি তা পরিবর্তন সম্ভব নয়।"
তিনি বলেন, "কেউ যাতে পুলিশের কারণে হয়রানি বা ভোগন্তির শিকার না হন সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ভাল কোন কিছু নির্ভর করে মাঠ পর্যায়ের সাফল্যের ওপর।" তবে মাঠ পর্যায়ে সাফল্যের হার এখনও আশানুরূপ নয় বলে তিনি স্বীকার করেন।
ওয়েবসাইট উদ্বোধনের পর আইজিপি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এরপর বিকেল চারটায় রাউজানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24