ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন শনিবার বিকেল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেনি।
বৃহস্পতি ও শুক্রবার তিনজনের স্বাস্থ্য পরীক্ষার পর এ সংক্রান্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবেদনটি সংশ্লিষ্ট শাখায় পৌঁছেনি।
স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর কথা নিশ্চিত করে বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ প্রতিবেদন জমা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়া হয়।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে এমন কোন প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানানো হয়।
স্বরাষ্ট্র সচিব এমএ করিম সকালের দিকে তার কার্যালয়ে এসে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। তবে এ সময় তিনি প্রতিবেদনের ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোন কথা বলতে সম্মত হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭৫৮ঘ.
bdnews24