মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিযোগাযোগ প্রতিবেদক
ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুলাই মাসের প্রথম দিন থেকেই কোম্পানি হিসাবে কাজ শুরু করতে পারে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)। ডাক ও টেলিযোগাযোগ সচিব ইকবাল মাহমুদ জানিয়েছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইকবাল মাহমুদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিটিবি ১ জুলাই থেকে যেন কোম্পানি হিসাবে কাজ শুরু করতে পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য শিগগিরই কোম্পানির পরিচালনা পর্যদ গঠন করা হবে। কোম্পানি হিসাবে কাজ শুরু করার পর বিটিটিবির জনবল ও সম্পদ কোম্পানির অধীনে চলে যাবে।"
সরকার গত মে মাসে বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করে। এ জন্য ১৯৭৯ সালের বিটিটিবি অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা হয়। এরপর ৪ মে বিটিটিবি অধ্যাদেশ ২০০৮ (সংশোধিত) অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
এ অধ্যাদেশে বলা হয়েছে, পিএলসি হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি আইনের আওতায় বিটিটিবির যাবতীয় সম্পদ কোম্পানির অধীনে চলে যাবে; বিটিটিবি বিলুপ্ত হবে।
বিটিটিবির কর্মকর্তা-কর্মচারিরা স্বয়ংক্রিয়ভাবে পিএলসিতে ন্যস্ত হবেন। এক্ষেত্রে কেউ চাইলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ পাবেন। ল্যান্ডিং স্টেশনসহ সাবমেরিন কেবল সংক্রান্ত বিষয়গুলোও পিএলসিতে হস্তান্তর করা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বিটিটিবির জন্য নির্ধারিত পদ রয়েছে ১৯ হাজার ৪০৪টি। এর মধ্যে ১১ হাজার ২০৪টি পদে জনবল নিয়োজিত রয়েছে।
বিটিটিবির ইতিবৃত্ত
ব্রিটিশ ভারতে ১৮৫৩ সালে তদানীন্তন ডাক ও তার বিভাগের আওতায় টেলিগ্রাফ শাখার সৃষ্টি করা হয়। ১৮৮৫ সালে প্রণীত হয় টেলিগ্রাফ আইন । ১৯৬২ সালে এ টেলিগ্রাফ শাখা পাকিস্তান টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে স্বতন্ত্র সরকারি বিভাগ হিসাবে পুনর্গঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭১ সালে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগ গঠন করা হয়।
১৯৭৫ সালের 'টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড অধ্যাদেশ' অনুসারে টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৭৯ সালে এটি একটি সরকারি বোর্ডে রূপান্তরিত হয়।
১৯৯৮ সালের টেলিযোগাযোগ নীতিমালার আওতায় বিটিটিবিকে প্রথম পর্যায়ে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে দ্বিতীয় পর্যায়ে বেসরকারিকরণের কথা বলা হয়। ওই নীতিমালার নির্দেশনা অনুযায়ীই বিটিটিবিকে প্রথম পর্যায়ে পিএলসিতে রূপান্তর করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৭২৮ঘ.
bdnews24