টাঙ্গাইল, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির অভিযোগে মানিকগঞ্জ শহরের বাস স্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে থেকে বৃহস্পতিবার রাতে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল পুলিশ। পরে এদের দেওয়া তথ্য অনুযায়ী ধামরাইয়ের নওহাটা বাজারের একটি স্বর্ণের দোকান থেকে ডাকাতির মাল উদ্ধার ও দোকান মালিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুরের মীর হাটাইল গ্রামের রোস্তম আলী (৩০), ওয়াইল গ্রামের শহীদুল ইসলাম (২৫), খৈছাপুরা গ্রামের ইমারত হোসেন ওরফে চোক্তা (২৫), হরিরামপুর থানার ঝিটকা গ্রামের শংকর রাজবংশী (২৫), নাটোর জেলার বাঘরুন গ্রামের নওশের আলী (২৮) এবং স্বর্ণ ব্যবসায়ী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোদালিয়া গ্রামের প্রকাশ চন্দ্র সরকার।
এদের মধ্যে প্রথম পাঁচজন আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে টাঙ্গাইল পুলিশ।
পুলিশ প্রকাশ চন্দ্র সরকারের দোকান থেকে স্বর্ণের কানের দুল, নাকফুল, আংটি, মোবাইল, হাতঘড়ি ও চেইন উদ্ধার করেছে। এসব মালামাল ডাকাতদের কাছ থেকে কিনেছেন বলে জানান প্রকাশ সরকার।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদুর রহমান জানান, কয়েকদিন আগে জয়দেবপুরের চন্দ্রা এলাকা থেকে দেলদুয়ার উত্তরপাড়ার মেহের (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মেহেরের ফোনে তার মাধ্যমে পুলিশ বৃহস্পতিবার ডাকাতির পরিকল্পনার কথা জানতে পারে। সে অনুযায়ী নির্দিষ্ট স্থানে তাকে নিয়ে পুলিশ মানিকগঞ্জ শহরের নবীন সিনেমার হলের সামনে আসে এবং ওই পাঁচজনকে আটক করে।
তিনি জানান, ডাকাতরা টাঙ্গাইল শহরের বাছিতপুর সাহাপাড়ার গোপাল সাহা, করটিয়া সাহা পাড়ার শংকর কুমার সাহা ও মীরের বেতকার আজাহারুল ইসলাম এর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার প্রথম পাঁচজনের বিরেুদ্ধে টাঙ্গাইলের দেলদুয়ার, নাগরপুর, ঢাকার আশুলিয়া ও মানিকগঞ্জের দৌলতপুর থানায় ৮টি মামলা রয়েছে। এরা এখন টাঙ্গাইল পুলিশের হেফাজতে আছে। আরেকটি মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24