ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ জুনের মধ্যে ৪ সিটি করপোরেশন ও ৯ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। জুলাইয়ের শেষে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকালে রাজধানীতে কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই নির্বাচন কমিশনার সাংবাদিকদের একথা জানান।
কমিশনাররা বলেন, এ নির্বাচনকে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে 'টেস্ট অ্যান্ড ট্রায়াল' হিসেবে দেখা হচ্ছে।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স হচ্ছে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে। এতে সারাদেশের জেলা নির্বাচন কর্মকর্তারা ছাড়াও ইসির যুগ্ম সচিব ও উপ সচিবসহ ৮২ জন কর্মকর্তা অংশ নিচেছন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসেইন সাংবাদিকদের জানান, তারা স্থানীয় সরকার পৌরসভা ও সিটি করপোরেশন অধ্যাদেশ হাতে পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর আইন মন্ত্রণালয় থেকে নির্বাচনী বিধিমালা পেলেই ২০ জুনের মধ্যে চারটি সিটি করপোরেশন ও ৯ টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জুলাইয়ের শেষ দিকে ওইসব নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বছরের জুলাইয়ে ঘোষিত রোডম্যাপে ডিসেম্বরের আগেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা থাকার বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন,''জাতীয় নির্বাচনের আগে টেস্ট অ্যাণ্ড ট্রায়াল হিসেবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা হচ্ছে।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,''জাতীয় নির্বাচন ব্যাহত হবে এমন কোনো ধরনের ঝুঁকি নির্বাচন কমিশন নেবে না। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।''
ইতিমধ্যে ভোটার তালিকার শতকরা ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে জানিয়ে সাখাওয়াত বলেন, "জাতীয় নির্বাচন ব্যহত হোক এমন কিছু আমরা করব না।"
ইসি বলেছে, স্থানীয় সরকারের নতুন আইনে বেশ কিছু নতুন বিধি সংযোজিত হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পর মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসকে/১৪৫২ঘ.
bdnews24