২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রিপোর্টে বাংলাদেশ দ্বিতীয় স্তরে

গত সাড়ে তিন বছরে প্রায় ২৯ হাজার বাংলাদেশী শিশুকে শ্রম দিতে অথবা পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর প্রকাশিত ট্রাফিকিং ইন পারসন (টিআইপি) প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 07:27 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সাড়ে তিন বছরে প্রায় ২৯ হাজার বাংলাদেশী শিশুকে শ্রম দিতে অথবা পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর প্রকাশিত ট্রাফিকিং ইন পারসন (টিআইপি) প্রতিবেদনে এ কথা জানানো হয়। মানবপাচারের ক্ষেত্রে বাংলাদেশ একটি ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে জানিয়ে দুর্নীতিবাজ ও অসৎ জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে এ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র সরকারের এই বার্ষিক প্রতিবেদনে ইউনিসেফ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ২৯ হাজার শিশুকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। এদের মধ্যে কিছু শিশুকে তাদের বাবা-মা বিক্রি করে দেওয়ার পর দাস হিসেবে ব্যবহার করা হয়। অন্যদেরকে প্রতারণা বা শারীরিক নির্যাতনের মাধ্যমে শ্রম দিতে বা পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। সেন্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড স্টাডিজ এর গবেষণার বরাত দিয়ে টিআইপি প্রতিবেদনে বলা হয়, পাচার হওয়া এসব শিশুর মধ্যে ছেলেদের বয়স ১০ বছরের নিচে। আর মেয়েদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। টিআইপি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশী পুরুষ ও নারীরা স্বেচ্ছায় সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, লেবানন ও মালয়েশিয়ায় জীবিকার উদ্দেশ্যে যায়। নারীরা সেখানে মূলত গৃহপরিচারিকার কাজ করে। তাদের মধ্যে কেউ কেউ সেখানে চলাফেরার উপর বিধিনিষেধ, পারিশ্রমিক না পাওয়া, ভয়-ভীতি দেখানো কিংবা শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন। বাংলাদেশ থেকে নারী ও শিশুদের পাচার করা হয় পাকিস্তান ও ভারতে। পরে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। বাংলাদেশের ভেতর দিয়ে বার্মা থেকেও ভারতে নারী পাচার হয়। বাংলাদেশী নারী ও পুরুষরা পতিতাবৃত্তি কিংবা গৃহভৃত্য হিসেবে কাজ করার জন্য অভ্যন্তরীণভাবেও পাচারের শিকার হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, "মানবপাচার রোধে ন্যূনতম আদর্শমান পুরোপুরিভাবে মেনে চলতে না পারলেও বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে চেষ্টা করে যাচ্ছে।" "দেহ ব্যবসায় বাধ্য করার জন্য মানব পাচারসংক্রান্ত অপরাধে ফৌজদারি মামলার বিচারকাজের হার গত বছরের তুলনায় এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং বেশ কয়েকজন পাচারকারীকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কিছু শ্রমিক নিয়োগকারী সংস্থা বন্ধ করে দেওয়াসহ সরকার বিদেশে শ্রমিক নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ শেষে ফৌজদারী আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে।" প্রতারণামূলক নিয়োগ ও বাধ্যতামূলক শিশুশ্রমসহ সব ধরনের শ্রম পাচারের ক্ষেত্রে এই প্রতিবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে আইনের প্রয়োগ ও শাস্তির মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, "বাংলাদেশের দণ্ডবিধিতে বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ হলেও এ ধরনের অপরাধের জন্য একবছর পর্যন্ত কারাবাস অথবা অর্থদণ্ডের বিধান যথেষ্ট নয়। এছাড়া পতিতাবৃত্তির মতো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে প্রাপ্তবয়স্ক পুরুষদের পাচার ঠেকাতে কোনো আইনও বাংলাদেশে নেই।" দাসত্বমূলক শ্রম ও বাধ্যতামূলক শিশু শ্রম ঠেকানোর ক্ষেত্রেও সরকারের দুর্বলতা রয়ে গেছে বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশকে স্তর-২ এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এশিয়ার দেশ আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জাপান ও সিঙ্গাপুরও এই শ্রেণীভুক্ত। ভারত, শ্রীলঙ্কা, মিশর, রাশিয়াসহ আরো কয়েকটি দেশকে এই স্তরের 'পর্যবেক্ষণ' শ্রেণিতে রেখে বলা হয়েছে এই দেশগুলোর অবস্থা তুলনামূলক আরো নিচের দিকে। মানবপাচার রোধে ন্যূনতম আদর্শমান মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ দেশগুলোকে এই প্রতিবেদনে রাখা হয়েছে স্তর-৩ এ। টিআইপি প্রতিবেদনের এই মূল্যায়নের কারণে স্তর-৩ ভুক্ত দেশগুলোতে দেয়া কিছু সহায়তা (বাণিজ্যিক বা মানবিক সহায়তা বাদে) যুক্তরাষ্ট্র সরকার বন্ধ বা স্থগিত ঘোষণা করতে পারে। এই স্তরে রয়েছে বার্মা, ইরান, সৌদি আরব, কুয়েত, সিরিয়া, কিউবাসহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে আদর্শমান বজায় রাখার ক্ষেত্রে ভাল অবস্থায় থেকে স্তর ১ এ স্থান পেয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি প্রভৃতি দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/এমএইচবি/০১১২ ঘ.