ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের গত বছরের বেশিরভাগ মামলাতে আসামিরা জামিন পেয়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন চূড়ান্ত প্রতিবেদন দেয়া মামলাগুলো আবার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করে দেখতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা এসব নির্দেশ দেন।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন আদালতে ২০০৭ সালে দায়ের হওয়া ১৮০টি এসিড নিক্ষেপের মামলার মধ্যে ৭৯টিতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ৭০ শতাংশ ক্ষেত্রে আসামি জামিন পেয়ে গেছেন।
বৈঠক শেষে উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের জানান, ২০০৭ সালে দায়ের হওয়া ১৮০টি এসিড নিক্ষেপের মামলার মধ্যে ৭৯টিই পুলিশি তদন্তে প্রমাণিত হয়নি। এ কারণে এসব মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।
তিনি বলেন, "পুলিশ যথেষ্ট সাক্ষ্য ও প্রমাণ না পাওয়ায় এসব মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। কিন্তু ঘটনা যে ঘটেছে, তাতো সত্যি। তাহলে ঘটনা প্রমাণ করা যাবে না কেন? এ কারণে এসব মামলা নতুন করে তদন্ত করে দেখতে বলা হয়েছে।"
উপদেষ্টা বলেন, "দেশে এসিড সন্ত্রাস উদ্বেগজনক হারে বেড়েছে। মেয়েরাই এ সন্ত্রাসের শিকার হচ্ছে সবচে বেশি।"
সভায় বিভিন্ন জেলার সনদধারী ও সনদবিহীন এসিড ব্যবহারকারীদের তালিকা তৈরি করে এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়। প্রায় এক বছর আগে এ তালিকা চাওয়া হলেও মাত্র ৩২টি জেলার তালিকা মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে সভায় জানানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পুলিশ), এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনিরা খানসহ পুলিশ ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০৪৭ ঘ.
bdnews24