ঝিনাইদহ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মো. শহীদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে করা আরেকটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান ঝিনাইদহ মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শহীদুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান বৃহষ্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ মাস তদন্ত শেষে বৃহষ্পতিবার দুপুরে সাবেক সাংসদ শহীদুল মাস্টারের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে ত্রাণের টিন, শাড়ি, লুঙ্গি, কম্বল ও খেলার সরঞ্জাম আত্মসাতের অভিযোগের প্রমাণ মিলেছে।
এর আগে গত ২৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদকের) এই কর্মকর্তা ত্রাণের টিন আত্মসাতের আরেকটি মামলায় শহীদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন।
গত বছর ২২ ফেব্রুয়ারি যৌথবাহিনীর সদস্যরা মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে সাবেক সাংসদ মাস্টার মো. শহীদুল ইসলামের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ পিস ঢেউটিন, ২৭৫ পিস শাড়ি, ৩০টি লুঙ্গি, ৩৩টি কম্বল এবং জেলার ক্রীড়া সংস্থাকে দেওয়া দেওয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই শহীদুল ইসলামের বিরুদ্ধে মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম একটি মামলা করেন। পরে দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর রহমানকে মামলাটির তদন্তভার দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৯ ঘ.
bdnews24