ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে বৃহস্পতিবার ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে আদালত ওসমান গণির স্ত্রী মহসিন আরা গণিকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ঘোষিত আয়ের বাইরে অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলার রায়ে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান এ আদেশ দেন।
এই দম্পতির অবৈধভাবে অর্জিত তিন কোটি ৬০ লাখ টাকার সম্পত্তি এবং ২৭০ ভরি সোনার গহনা বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।
গণি কারাগারে রয়েছেন, তবে তার স্ত্রী পলাতক।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত বছর ২৬ জুলাই রাজধানীর উত্তরা থানায় এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ওসমান গণি তার ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৪৬৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে এক কোটি দুই লাখ ৫৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
ওই বছরের ২৯ মে ওসমান গণির উত্তরার বাসায় অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা ৯৯ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা, ১৩০০ ডলার, ৩ হাজর মালয়েশিয়ান রিংগিট ও প্রচুর স্বর্ণালংকার উদ্ধার করে।
ওসমান গনির বিছানার তোশক, বালিশ, চালের ড্রাম, স্টোররুমে রাখা ট্রাঙ্ক ও স্টিল আলমারির চোরাকুঠুরীতে এসব মুদ্রা পাওয়া যায়। স্বর্ণালংকারগুলো পাওয়া যায় স্টোররুমে স্তুপ করে রাখা খবরের কাগজের আড়ালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জেকে/১৭১০ ঘ.
bdnews24