ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান পর্যালোচনা করার জন্য কমিশন বা কমিটি গঠন করতে ঐকমত্যের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাসদ (খালেকুজ্জামান) এর সঙ্গে সরকারের সংলাপ শেষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ব্রিফ্রিং এ তথ্য জানান।
তিনি বলেন, "আজকের (বুধবার) সংলাপে বাসদের পক্ষ থেকে সংবিধানের অনেক অসঙ্গতির বিষয় উত্থাপন করা হয়েছে। তারা কনস্টিটিউশন রিভিউ কমিশন গঠন করার বিষয়ে বলেছেন। আমিও তাদের সঙ্গে একমত।"
'অসঙ্গতিপূণর্' বিভিন্ন ধারা পর্যালোচনা করা প্রয়োজন বলে মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, "আজই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত।"
তিনি বলেন, "সংবিধান রিভিউ কমিশন বা কমিটি গঠন করতে ঐকমত্যের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে কমিশন গঠন করা হলে তারা যে সুপারিশ দেবে নির্বাচিত সংসদ এসে তা বাস্তবায়ন করবে।"
এ প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, ঐকমত্যের ভিত্তিতেই ঠিক করা হবে এই কমিশন বা কমিটির কার্যপরিধি কী হবে।
বাসদের পক্ষে সরকারের সংলাপ সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। সংলাপ শেষে দলটির আহ্বায়ক খালেকুজ্জামান ও সরকার পক্ষে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সংলাপে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদের পক্ষে ছিলেন মবিনুল হায়দার চৌধুরী, আবদুল্লাহ সরকার, শুভ্রাংশু চক্রবর্তী, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন ও সাইফুর রহমান তপন।
খালেকুজ্জামান জানান, তারা সংলাপে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কেননা তারা মনে করেন, জরুরি অবস্থা বহাল থাকলে সাধারণ মানুষ স্বাধীনভাবে মতামত দিতে পারে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে। "
সংবিধানের অসঙ্গতির বিষয়ে খালেকুজ্জামান বলেন, "বেকাররা ভাতা পান না। সংবিধানে একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা থাকার কথা বলা হলেও বর্তমানে কার্যকর রয়েছে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা।"
তিনি আরো বলেন, "পতিতাবৃত্তি নিষিদ্ধ থাকলেও তা হচ্ছে। অনুপার্জিত আয় ভোগ করা যাবে না বলা হলেও কালো টাকা সাদা করা হচ্ছে।"
এছাড়া সংবিধানের অনেক অনুচ্ছেদ রয়েছে যেগুলো 'দ্রুত সংশোধন অথবা বাতিল করা প্রয়োজন' বলেও মত দেন খালেকুজ্জামান।
বিএনপি ও আওয়ামী লীগকে সংলাপে সংশ্লিষ্ট করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা কতদিন পর্যন্ত চলবে উপদেষ্টা হোসেন জিল্লুর এ প্রশ্নের সরাসরি কোন উত্তর না দিয়ে বলেন, "যৌক্তিক ও সঙ্গত সময় এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। জুনের মধ্যে সংলাপ শেষ হওয়ার কথা। এরপরেও আরো কিছুদিন চলতে পারে।"
উপদেষ্টা জানান, আলোচনায় বাসদ শ্রমিক এবং সাধারণ মানুষের সঙ্গে সংলাপ করার দাবি জানিয়েছে। তাদের দাবির সঙ্গে সরকার 'পুরো একমত' মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে সমান্তরালভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, শ্রমিক, নারী, বিভিন্ন পেশাজীবী এবং মিডিয়ার সঙ্গে সংলাপ করার পরিকল্পনা করা হয়েছে।
আঞ্চলিক পর্যায়ে সংলাপ করতে ঢাকার বাইরেও যাওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
আগামী ১০ জুন সকালে ইসলামী ঐক্যজোটের সঙ্গে পরবর্তী সংলাপ হবে বলে জানান উপদেষ্টা হোসেন জিল্লুর।
খালেকুজ্জামান বলেন, "আমরা বলেছি সকল নাগরিকের জামিন পাওয়ার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হবে। কালো টাকার মালিক, ঋণ খেলাপি ও ধর্ম ব্যবসায়ীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।"
নির্বাচন নিয়ে জনমনের আশঙ্কা দূর করতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখও চেয়েছে বাসদ।
জিল্লুর বলেন, " বাসদের পক্ষ থেকে হরতাল, ধর্মঘট আইন করে বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছে।"
খালেকুজ্জামান ব্রিফিংয়ে বলেন, সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় ঐকমত্য সৃষ্টি করা। এই ঐকমত্য সৃষ্টি করতে ১৯৭১ সালের মৌল চেতনা বাস্তবায়ন করতে হবে।
ঐকমত্যের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "সংলাপ পৃথকভাবে একেকটি দলের সঙ্গে করা হচ্ছে ঠিকই কিন্তু এর মাধ্যমে জাতীয় ঐকমত্য সৃষ্টি হচ্ছে।"
প্রত্যেকটি সংলাপ যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন তিনি।
'৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষকদের উত্থাপিত দাবি বাস্তবায়ন করার দাবি জানান খালেকুজ্জামান ।
গত ২২ মে ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়। এ পর্যন্ত বিকল্পধারা বাংলাদেশ, জাসদ (ইনু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও গণফোরামের সঙ্গে সংলাপ শেষ হয়েছে।
মঙ্গলবার সরকার দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপ করে।
সরকারের পাঁচ উপদেষ্টা গত ৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। ২২ দিনে তারা বিএনপির দুই অংশ ও আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এবং তিনটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএআর/এসকে/১৬০০ঘ.
bdnews24