ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় হাসান ফয়েজ সিদ্দিকী ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগপত্র পাঠালেন। তার আগে গত ১ জুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারুল আজিম খায়ের মান্না পদত্যাগ করেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, "সকাল ১১টায় আপিল বিভাগের মামলা পরিচালনা শেষে হাসান ফয়েজ সিদ্দিকী পদত্যাগপত্র জমা দেন। এটি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
পদত্যাগপত্রে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, "কিছু ব্যক্তিগত সমস্যার কারণে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণে আমি পদত্যাগ করছি।"
গত বছরের ২৪ ডিসেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন হাসান ফয়েজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24