২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক চাঁদাবাজি মামলায় সিলভার সেলিমের ৫ বছরের কারাদন্ড

চাঁদাবাজির অপরাধে সাবেক বিএনপি সাংসদ এম এ এইচ সেলিম ওরফে সিলভার সেলিমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া বাগেরহাট -২ আসনের এ সাবেক সাংসদকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অপরাধে সাবেক বিএনপি সাংসদ এম এ এইচ সেলিম ওরফে সিলভার সেলিমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া বাগেরহাট -২ আসনের এ সাবেক সাংসদকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও আদায়ের দায়ে মঙ্গলবার বিকেল ৫টায় জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন ঢাকা মহানগর ৬ষ্ঠ যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মো. শফিউর আজম। রায় ঘোষণার আগে সিলভার সেলিমকে কারাগার থেকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়। এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে সেলিমকে দ্বিতীয় মামলায় সাজা দেওয়া হল। ১২ লাখ টাকা চাঁদা দাবি ও তা আদায়ের অভিযোগে গত ২৭ মে ঢাকার ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিগার সুলতানা সেলিমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার সাজা দিয়েছিলেন। রায় ঘোষণার সময় সেলিম আদালত কক্ষে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে ছিলেন। তিনি এসময় উপস্থিত সাংবাদিকদের কাছে কোন প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করতে অনীহা প্রকাশ করেন। পরে তাকে কারগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালতে উপস্থিত সেলিমের আইনজীবী মো. আলমাস আলী ও এম নজরুল ইসলাম দাবি করেন চাঁদাবাজির যে মামলায় সেলিমকে সাজা দেওয়া হল তা 'সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট"। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান। গুলশান থানায় গত বছরের জুন মাসে দায়ের হওয়া এই মামলার বাদি হচ্ছেন রাজধানীর পান্থপথের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাহিদুল ইসলাম ফারুক এর স্বত্তাধিকারী জাহিদুল ইসলাম ফারুক। এজাহারে তিনি উল্লেখ করেন বাগেরহাট জেলার হাড়িকালী স্লুইস গেট থেকে দড়াটানা ফেরিঘাট পর্যন্ত বাধ নির্মাণ কাজ শুরু করার পর তার ব্যবসায়িক অংশীদার দিদারুল আলম বাবুলকে কাজ বন্ধ করার জন্য সেলিম হুমকি দেন। পরে ফারুক অংশীদার বাবুলকে নিয়ে সেলিমের গুলশানের অফিসে যান। ফারুক অভিযোগ করেছেন, এ সময় সেলিম তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা চান। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। বাধ্য হয়ে তিনি ওই দিনই চেকের মাধ্যমে সেলিমকে ১০ লাখ টাকা দেন। পরে বিভিন্ন সময় আরও ৪০ লাখসহ মোট ৫০ লাখ টাকা চাঁদা নেন সেলিম। গত বছরের ৮ অক্টোবর এই মামলায় দণ্ডিতের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গুশশান থানার উপপরিদর্শক ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ১৫ জন আদালতে সাক্ষ্য দেন। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভূক্ত। এর আগে একই বাদির দায়ের করা চাঁদাবাজির মামলায় সেলিমের সাজা হয়েছিল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শেখ সিরাজুল ইসলাম সিরাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৪৪ঘ.