২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলায় মুজাহিদের জামিন আবেদন খারিজ

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 06:20 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মুজাহিদের জামিন আবেদনটি খারিজ করে দেয়। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে জামায়াত নেতার আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্টে আপিলের আবেদন করেছেন। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, মামলাটি অসৎ উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা এই পর্যায়ে তোলা যাবে না। কারণ মামলাটির তদন্ত এখনো চলছে। তদন্তের প্রতিবেদন দেওয়া হলেই মামলাটি অসৎ উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কিনা সেই প্রশ্নটি আসবে। এখন জামিনের আবেদন করার অবস্থা আসেনি। হাইকোর্টের আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুজাহিদের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আমরা এই রায়ে সংক্ষুব্ধ। তাই এ আদেশের বিরুদ্ধে দুপুরেই সুপ্রিম কোর্টে আপিলের আবেদন করা হয়েছে। কাল (বুধবার) এর শুনানি হতে পারে।" তিনি আরও বলেন, "জামায়াতের শীর্ষ নেতার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে এ মামলাটি দায়ের করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে মামলা দায়েরের ক্ষেত্রে হাইকোর্ট জামিন দিতে পারেন। একই ধরনের মামলায় তোফায়েল আহমেদের স্ত্রী কন্যাকে হাইকোর্টের এই বেঞ্চ গতকাল (সোমবার) জামিন দিয়েছিল।" আলী আহসান মুজাহিদ সাংবাদিকদের বলেন, "অসৎ উদ্দেশ্য ও রাজনৈতিক হয়রানির জন্য আমার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে আমরা এই মামলা মোকাবেলা করব।" মুজাহিদের সঙ্গে জামায়াতের অনেক নেতা-কর্মী মঙ্গলবার আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিল। আলী আহসান মুজাহিদ গত ২৫ মে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। পরদিন হাইকোর্টের একটি বেঞ্চ তার আবেদনটি ফেরত দেয়। ২ জুন হাইকোর্টের বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে জামিনের আবেদন করলে মঙ্গলবার আদেশের দিন ধার্য করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্র"য়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জোট সরকারের ১০ মন্ত্রী ও ছয় আমলাকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এসকে/এমআই/১২৪০ ঘ.