ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন সাবেক বিএনপি সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় কল্পনা সোমবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তখন বিচারক মো. আজিজুল হক ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।
পিন্টু দম্পতির বিরুদ্ধে দায়ের করা এ মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত।
তবে আদালতের আদেশে বলা হয়, মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত হলেও ওই আইনের ১৯ (ঘ) ধারায় মূল আসামির স্ত্রী বলে অভিযুক্ত নাসিমা আক্তার কল্পনাকে জামিন দেওয়া হলো।
বিএনপি নেতা পিন্টু গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
২০০৭ সালের ১৩ জুন হাজারীবাগ থানায় এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. নূরুল আলম। ওই বছরের ১ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক নাসিরউদ্দিন আহমেদ এ মামলায় পিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২ অক্টোবর কল্পনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে নাসিরউদ্দিন পিন্টু নিজ নামে ১৮ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ১১৮ টাকা এবং স্ত্রীর নামে ৩ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৯৯ টাকা টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
পিন্টু দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের অক্টোবরে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করলে চলতি বছরের ৮ মে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ বাতিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬১৫ ঘ.
bdnews24