২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসকো শেয়ার কেলেঙ্কারি মামলায় ১৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) শেয়ার কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত পলাতক ১৫ আসামির বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) শেয়ার কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত পলাতক ১৫ আসামির বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুপুরে ঢাকার সিনিয়র জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এই আদেশ দেন। আগামী ৪ জুন গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব এস এম মেজবাউল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ মাসুদ (বর্তমানে উপসচিব), সাবেক সিনিয়র সহকারী সচিব লায়লা জেসমিন (বর্তমান উপসচিব), ইসমত আরা জাহান, সাবেক উপসচিব মো. আজিজুর রহমান, সাবেক সহকারী সচিব আলী হোসেন, প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কৃষ্ণ তালুকদার, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহম্মেদ, সেক্রেটারি এইচ এম নুরুল হুদা, ডেসকোর সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তহিদুল ইসলাম, ডেসকোর সাবেক পরিচালক খান লোদী সাইফুল হক ও মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক (অর্থ) কুদরত-ই খোদা, ডেসকো বোর্ডের সদস্য মঞ্জুর হোসেন ও মঞ্জুর রহমান। গত বৃহস্পতিবার এই ১৫ কর্মকর্তা এবং সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। আ ন হ আখতার হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। এ মামলার এজাহারভুক্ত আসামি বিদ্যুৎ বিভাগের সাবেক উপসচিব নাজমা বেগম ও ডেসকোর সাবেক পরিচালক লুৎফুল কবিরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ না পাওয়ায় মামলাটির তদন্ত কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। দুর্নীতি দমন কমিশন গত বছরের ৮ আগস্ট শাহবাগ থানায় এ মামলা দায়ের করে। পরে তদন্তে আরও সাতজনের জড়িত থাকার প্রমাণ পায় কমিশন। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা অবৈধভাবে ডেসকোর ১২ হাজার ৮০০ শেয়ারের মালিকানা পেয়েছে এবং ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে এসব শেয়ার থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে। এতে সরকারের ১০ কোটি ২০ লাখ ৮৯১ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/২২১২ ঘ.