ঢাকা, জুন ০১ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর কুরশী গ্রাম থেকে শনিবার রাতে বোমা তৈরির সরঞ্জামসহ হরকাতুল জিহাদের পাঁচজনকে আটক করেছে র্যাব।
এরা হলেন- মাওলানা মিজানুর রহমান, মাওলানা কুতুবউল্লাহ, মাওলানা মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম ও ফরহাদ হোসেন। আটক সবাই হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের সহযোগী বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
আমাদের রাজবাড়ী প্রতিনিধি পুলিশের বরাত দিয়ে জানান, আটককৃতদের বাড়ি ফরিদপুর, মাগুরা ও খুলনা জেলায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাত চন্দ্র দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার করা বোমা তৈরির সরঞ্জামসহ আটক পাঁচজনকে রোববার সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর র্যাব-৮ এর একজন কর্মকর্তা জানান, স্থানীয় মোস্তাফিজুর রহমান নামের একজনের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী জড়ো হয়েছে খবর পেয়ে তারা অভিযান চালান। আটককৃতদের কাছ থেকে ১০টি ডিটোনেটর, একটি অ্যামিটার এবং বোমা তৈরির বেশকিছূ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, রোববার দুপুরে জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামের একটি কলাবাগান থেকে র্যাব সাতটি বোমা, একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করেছে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর তারিক জানান, সন্ত্রাসীরা কোনো অপরাধ ঘটানের জন্য এগুলো এনে মাটির নিচে পুঁতে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে এ উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার করা বোমা ও অস্ত্র ঝিনাইদহ র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24