২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর তারিখ আরও পেছালো

ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনে যাওয়ার সময়সীমা আরেক দফা বাড়ানো হয়েছে। বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবির খান জানিয়েছেন, নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে ব্যর্থ হওয়ায় ছয়টি কেন্দ্র স্থাপনের জন্য চুক্তিভুক্ত তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ে ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তিভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক বৈঠকের পর সচিব এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনে যাওয়ার সময়সীমা আরেক দফা বাড়ানো হয়েছে। বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবির খান জানিয়েছেন, নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে ব্যর্থ হওয়ায় ছয়টি কেন্দ্র স্থাপনের জন্য চুক্তিভুক্ত তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ে ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তিভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক বৈঠকের পর সচিব এ কথা বলেন। বৈঠকে বেসরকারি উদ্যোগে ৩ ও ১৫ বছর মেয়াদি ভাড়া বিদ্যুৎ কেন্দ্র এবং ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে তিন বছর মেয়াদি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনে যাওয়ার তারিখ নতুন করে জানানো হয়। বৈঠক শেষে সচিব ফাওজুল কবির খান বলেন, "ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোটিশ পাঠিয়েছে। প্রতিষ্ঠানগুলো উৎপাদন শুরুর নতুন তারিখ জানিয়েছে। এর পরও উৎপাদনে যেতে না পারলে পিডিবি ব্যবস্থা নেবে।" সময় বাড়ালেও চুক্তি অনুযায়ী মে মাসের নির্ধারিত তারিখে উৎপাদন শুরু করতে না পারায় স্থানীয় উদ্যোক্তা এনার্জি প্রিমা, ব্রিটিশ কোম্পানি এগ্রেকো এবং ইন্দোনেশিয়ার কোম্পানি কালটিম্যাক্স ও দেশীয় প্রতিষ্ঠান জিবিবি'র কনসোর্টয়ামকে প্রতিদিন প্রতি মেগাওয়াট বিদ্যুতের জন্য ৫০০ ডলার করে জরিমানা করা হবে বলে জানান তিনি। তিন বছর পর্যন্ত বিদ্যুৎ কেনার শর্র্তে ছয়টি কেন্দ্র স্থাপনের জন্য পিডিবি গত জানুয়ারিতে এ তিনটি প্র্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। সে অনুযায়ী এনার্জি প্রিমা সিলেটের ফেঞ্চুগঞ্জ, কুমারগাঁও, শাহজীবাজার ও বগুড়ায়, এগ্রেকো খুলনায় এবং কালটিম্যাক্স ও জিবিবি ভোলায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করছে। এসব কেন্দ্র থেকে মোট ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা। চুক্তি অনুযায়ী, ১২০ দিন অর্থাৎ মে মাসের মধ্যে এসব কেন্দ্রের উৎপাদনে যাওয়ার কথা ছিল। পরে এই সময়সীসমা এক দফা বাড়ানো হয়। এরপরও কেন্দ্রগুলো উৎপাদনে যেতে না পারায় রোববারের বৈঠকে উৎপাদনে যাওয়ার তারিখ নতুন করে নির্ধারণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উৎপাদনে যাওয়ার জন্য খুলনার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ৩ জুন, কুমারগাঁওয়ের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ১৫ জুন, শাহজীবাজারের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২৫ জুন, বগুড়ার ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২৩ জুুলাই, ফেঞ্চুগঞ্জের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ৭ আগস্ট ও ভোলার ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। চুক্তি অনুসারে এনার্জি প্রিমা শাহজীবাজার কেন্দ্রের বিদ্যুৎ ৪ দশমিক ৫১ সেন্ট দামে, কুমারগাঁও এর বিদ্যুৎ ৪ দশমিক ১৪৮ সেন্ট দরে, ফেঞ্চুগঞ্জ এর বিদ্যুৎ ৪ দশমিক ৬৫ সেন্ট দরে ও বগুড়ার বিদ্যুৎ ৩ দশমিক ৬ সেন্ট দরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিক্রি করবে। এছাড়া কাল্টিম্যাক্স এনার্জি ও জিবিবি কনসোর্টিয়াম ভোলা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ৫ দশমিক ১৯৮ সেন্ট ও এগ্রেকো খুলনা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ১৯ দশমিক ৭১ সেন্ট দরে বিদ্যুৎ বিক্রি করবে। বিদ্যুৎ সচিব জানান, আগামী বছরের ৯ জানুয়ারির মধ্যে আরও দশটি ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০২৪ ঘ.