২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা রেল চুক্তির বৈধতা নিয়ে রিটের রায় সোমবার

ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি রোববার শেষ হয়েছে। সোমবার এ ব্যাপারে রায় দেবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন, ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি রোববার শেষ হয়েছে। সোমবার এ ব্যাপারে রায় দেবে আদালত। রিটটির ওপর চার দিনের শুনানি শেষে বিচারপতি মো. ইমান আলী ও মো. এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। ঢাকা-কলকাতা ট্রেন চলাচল চুক্তি বাতিল ও অবৈধ ঘোষণার দাবিতে ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী চোকদার মো. আবদুস সাত্তার গত ২০ এপ্রিল এই রিট আবেদন করেন। রিটকারীর পক্ষে অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী এ আবেদনের ওপর শুনানিতে বলেন, এ ধরনের চুক্তি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের মধ্যে পরে। সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার সংবিধান লঙ্ঘন করে এ চুক্তি করেছে। এতে রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব 'হুমকির মুখে পড়তে পারে' বলে মন্তব্য করেন তিনি। শুনানিতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। ঢাকা ও কলকাতার মধ্যে ব্রিটিশ আমলে ট্রেন চলাচল শুরু হয়। দেশবিভাগের পরও এ যোগাযোগ বন্ধ হয়নি। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পরই কেবল তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রক্রিয়ার ধারাবাহিকতায় নতুন করে ট্রেন যোগাযোগ চালুর জন্য গত ১০ এপ্রিল বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৪ এপ্রিল থেকে ট্রেন মৈত্রী ঢাকা-কলকাতা রুটে চলাচল শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/১৭০১ঘ.