নরসিংদী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরে শনিবার মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত কয়েকটি টেক্সটাইল কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ১০জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালের দিকে কয়েকশ টেক্সটাইল শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে শালিখা বাসস্ট্যান্ডে সমাবেশ করতে চাইলে পুলিশ জরুরি অবস্থায় তাদের সমাবেশ করতে নিষেধ করে। কিন্তু তা অমান্য করে শ্রমিকরা সমাবেশ শুরু করলে পুলিশ ১৪ রাউন্ড টিয়ার সেল ও ৩ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুঁড়েছে।"
তিনি জানান, শ্রমিকের সঙ্গে সংঘর্ষে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। শ্রমিকরা প্রায় ১ ঘণ্টা শহরের একটি সড়ক অবরোধ করে ৩টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে বলেও জানান তিনি। পুলিশ এ ঘটনায় ১৯ শ্রমিককে গ্রেপ্তার করেছে।
টেক্সটাইল শ্রমিক নেতা সুরুজ বাঙালী বলেন, "শ্রমিকদের মজুরিসংক্রান্ত এক সমাবেশে পুলিশ বিনা উসকানিতে বেধড়ক লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ ও শটগানের গুলি ছোঁড়ে। এতে ৫ জন শ্রমিক আহত হয়।"
আহত শ্রমিকদের নাম জানাতে পারেননি তিনি।
বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এ এইচ জাহাঙ্গীর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা আমাদের তিনটি বাস ভাঙচুর করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।"
গত তিন চারদিন ধরে টেক্সটাইল শ্রমিকরা কাজ বন্ধ রেখে মজুরি বৃদ্ধি ও বিদ্যূতের লোডশেডিং কমানোর দাবিতে সভা সমাবেশ করে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০২৫ ঘ.
bdnews24