২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াদ হত্যা: ঢাবির ছয় ছাত্র ও কর্মকর্তাকে আসামি করে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র এহতেশাম আল জিয়াদ (মৃনাল) নিহত হওয়ার ঘটনায় তার পিতা শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র ও এক কর্মকর্তা ছাড়াও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 06:18 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র এহতেশাম আল জিয়াদ (মৃনাল) নিহত হওয়ার ঘটনায় তার পিতা শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র ও এক কর্মকর্তা ছাড়াও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে জিয়াদের লাশ গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র জিয়াদকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু জানতে পারেনি পুলিশ। শনিবার সকালে জিয়াদের বাবা গার্মেন্টস ব্যবসায়ী মোশাররফ হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এতে আসামিরা হলেন এসএম হলের ছাত্র ও ছাত্রদল নেতা মাহামুদুল হাসান হিমেল, রাসেল, সাজ্জাদ, মাসুম, রানা, সাজেদুল বাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান। এছাড়া অজ্ঞাত ১৫/২০ জনকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার জিয়াদ এসএম হলে এক বন্ধুর কাছে যায়। শুক্রবার সকালে মোবাইল ফোনে তাকে জানানো হয় এসএম হলে মোবাইল ফোনসেট চুরির অভিযোগে জিয়াদকে আটক করে রাখা হয়েছে। টাকা নিয়ে এসে ছেলেকে নিয়ে যেতে বলে ফোনকারী। তবে টাকার অংক উল্লেখ করা হয়নি। তিনি ক্যাম্পাসে গিয়ে শোনেন গুরুতর আহত অবস্থায় জিয়াদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোশাররফ হোসেন অভিযোগ করেন ছাত্রদল নেতা হিমেল সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে মোবাইল চুরির মিথ্যা অভিযোগ করে জিয়াদকে পিটিয়ে হত্যা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফউদ্দীন ভুঁইয়া জানান, শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান তাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন কয়েকজন মিলে জিয়াদকে মারধর করছে। ছাত্ররা তাকে উদ্ধারে বাধা দেয়। শাহবাগ থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলামও খবর পেয়ে শুক্রবার সকালে এসএম হলে গিয়েছিলেন। তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে এসএম হলের প্রভোস্টের ফোন পেয়ে তিনি হলে যান। সেখানে ৪০/৫০জন ছাত্রের হাতে বাঁশের লাঠি ও রড দেখেন। উচ্ছৃঙ্খল ছাত্ররা তাকে গালিগালাজ করে হল থেকে বের করে দেয়। সকাল সোয়া ৮টার দিকে তিনি আরো পুলিশ সদস্য নিয়ে হলে গিয়ে জিয়াদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জিয়াদদের পল্টনের বাসায় শোকের মাতমের মধ্যে তার মা ইয়াসমীন আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর কাছে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় জিয়াদ। রাতে আর ফেরেনি। তিনি একাধিকবার মোবাইলে যোগযোগ করেন। রাতে কথাও হন। তিনি দাবি করেন তার ছেলে মাদকসেবী নয়। তার ছেলের টাকা-পয়সার কোনও অভাব নেই। জিয়াদের বাবা মোশাররফ হোসেন গার্মেন্টস এর মালিক। তাই তার মোবাইল চুরির প্রশ্নই আসে না। জিয়াদ হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীরা শনিবার দুপুরে ধানমন্ডির সাত মসজিদ রোডে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষক-শিক্ষার্থীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০১২ ঘ.