ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুর থেকে শনিবার পপি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পপি আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা বলছে, পপি প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত থাকতো।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক মাইনুল আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে জুরাইন এলাকার হাজী খোরশেদ আলী সরদার রোডের একটি বাসা থেকে পপির লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, "শুক্রবার রাতে কোনো এক সময় পপি নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করছি আমরা। তার দুই হাতে দাগ রয়েছে। সে হয়তো মাদকাসক্ত ছিল।"
পপির স্বামী কুয়েত প্রবাসী ডালিম হোসেনের ফুফাতো ভাই আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পপি প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত থাকতো। মাঝে-মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে পাগলের মতো আচরণ করতো।"
পপি-ডালিম দম্পতির মিহা নামের চার বছরের একটি মেয়ে রয়েছে বলে তিনি জানান।
পপির লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/টিএইচ/জেকে/২০৫৯ ঘ.
bdnews24