রাজবাড়ী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেল ঘাটের কাছে শুক্রবার রাতে ট্যাম্পু ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্যাম্পুর চালক ও চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন।
আহতদের প্রথমে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতরা হলেন- ট্যাম্পু চালক ফজলু (৩০), নওশের ও অজ্ঞাতনামা তিন ব্যক্তি। আহত হয়েছেন আব্দুল গাফফার (৩৫), সুলতান (৩৭) ও অজ্ঞাতনামা দুই ব্যক্তি।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, রাত প্রায় ১২টার দিকে ক্যানেল ঘাটের কাছে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজারগামী একটি ট্যাম্পুর সঙ্গে মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা তিনজনের মৃত্যু হয়। গোয়ালন্দ হাসপাতালে নেওয়ার পর রাজবাড়ী গ্রামের নওশের আলী ও ফরিদপুর হাসপাতালে নেয়ার পর ট্যাম্পু চালক ফজলু মারা যায়।
পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে গোয়ালন্দ থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১২০০ ঘ.
bdnews24