২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ আটক আটোয়ারী থানার এসআই ঠাকুরগাঁও জেলহাজতে

ফেনসিডিলসহ আটক আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদকে শুক্রবার ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

পঞ্চগড়, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনসিডিলসহ আটক আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদকে শুক্রবার ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়ছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড় থেকে এক সহযোগীসহ তাকে আটক করে পুলিশ। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই রাসেলকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে চৌরাস্তা মোড়ে পুলিশের একটি ভ্রাম্যমাণ দল নিবন্ধনবিহীন মোটরসাইকেল তল্লাশি করছিল। ওই সময় সাদা পোশাকে এসআই রাসেল ও তার সহযোগী কাজী আলাউদ্দীন স্বপন একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলে আটোয়ারী আসছিলেন। পুলিশ তাদের মোটরসাইকেল তল্লাশি করে চার বোতল ফেনসিডিল পায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে। রাতে দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নম্বর-১০) দায়ের করা হয়। শুক্রবার তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দুইটা পর্যন্ত এসআই রাসেল থানায় কর্তব্যরত ছিলেন। কোন ফাঁকে কিভাবে উনি ওইদিকে গেলেন বুঝতে পারিনি।" এ বিষয়ে পুলিশ সুপারের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৯ ঘ.