জয়পুরহাট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট জেলা শহরের থানা রোড এলাকায় বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত দুই নারী ভিক্ষুক মারা গেছেন। গুরুতর আহত আরো একজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তার ছিড়ে স্টিলের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে যায়। এর পরপরই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে বিদ্যুতায়িত খুঁটির সঙ্গে জড়িয়ে মারা যান অনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত দুই নারী ভিক্ষুক। এসময় জেলা সদরের পেচুলিয়া গ্রামের মামুনুর রশিদও (৩০) গুরুতর আহত হন। তাকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতিতেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিদ্যুৎ বিভাগ অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫০৬ ঘ.
bdnews24