ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে অজ্ঞাত (৩০) এক মহিলা নিহত ও দু' জন আহত হয়েছেন।
বুধবার বিকালে সদরঘাটের অদূরে নদীতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
দমকল সদর দপ্তরের আতিকুর রহমান জানান, বুধবার বিকাল ৪ টার দিকে সদরঘাটের গুদারাঘাট থেকে ৩ জন কেরানীগঞ্জের আলম মার্কেটে যাওয়ার জন্য একটি নৌকা ভাড়া করেন। গুদারাঘাটের অদূরে এমভি ফারহানা-১ নামে একটি লঞ্চ পেছন দিক দিয়ে ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নৌকার মাঝি ও দুই যাত্রী নদীতে ডুবে যায়। মাঝি ও নৌকার ২ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও অপর মহিলা যাত্রী নদীতে ডুবে মারা যান।
মহিলার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৪ঘ.
bdnews24