২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে যাওয়ার দাবিতে রংপুরে আটকেপড়া পাকিস্তানিদের অনশন

নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে বুধবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে রংপুরে আটকেপড়া পাকিস্তানিরা। তারা বলছে, সম্প্রতি হাইকোর্ট বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিদের ভোটাধিকার ও নাগরিকত্ব দিলেও এর মাধ্যমে সমস্যা সমাধান হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

রংপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে বুধবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে রংপুরে আটকেপড়া পাকিস্তানিরা। তারা বলছে, সম্প্রতি হাইকোর্ট বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিদের ভোটাধিকার ও নাগরিকত্ব দিলেও এর মাধ্যমে সমস্যা সমাধান হবে না। বাংলাদেশে থাকা আড়াই লাখ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। আটকে পড়া পাকিস্তানিদের সংগঠন- স্ট্যাডার্ড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিএশন কমিটির (এসপিজিআরসি) উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন ও স্মারকলিপি দেওয়া হয়। রংপুরে আলমনগর এলাকায় ৩ নম্বর ইস্পাহানি ক্যাম্পের সামনে সকাল থেকে শহরের ১২টি ক্যাম্পে আটকে পড়া প্রায় দুই হাজার পাকিস্তানি দুপুর ১২টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করে । পরে জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এসপিজিআরসি'র রংপুর শাখার সম্পাদক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, হাইকোর্ট গত ১৮ মে বাংলাদেশে বসবাসরত আটকে পড়া পাকিস্তানিদের ভোটাধিকার ও নাগরিকত্ব প্রদানের রায় দিয়েছে। কিন্তুওই রায় আটকে পড়া পাকিস্তানিদের জন্য মঙ্গল বয়ে আনবে না, বরং বাংলাদেশের জন্য নানা সমস্যা সৃষ্টি হতে পারে। স্মারকলিপিতে বাংলাদেশ ও পাকিস্তান সরকার এবং আটকেপড়া পাকিস্তানিদের সংগঠন এসিপিজিআরসির মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২১০৩ ঘ.