ঢাকা, মে, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জরুরি আইনের মামলায় উচ্চ আদালত জামিন আবেদন বিবেচনা করতে পারবে না বলে দেওয়া রায় 'স্পষ্ট' করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার এই আবেদনের ওপর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিনের আদালতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান এই আবেদনটি দায়ের করেন।
হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল মঞ্জুর হওয়ার কথা উল্লেখ করে ইদ্রিসুর রহমান তার আবেদনে বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের অনুলিপিতে দেখা গেছে, পাঁচটি ক্ষেত্রে জরুরি ক্ষমতা আইনের মামলায়ও অভিযুক্তের জামিন আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে। তবে এ বিষয়ে রায়ে অসঙ্গতি রয়েছে।"
এ ধরণের আবেদন বিবেচনার সুযোগ রয়েছে কী না- আদালতের এ প্রশ্নের জবাবে শুনানিতে আবেদনকারীর পক্ষের আইনজীবী ড. কামাল হোসেন বলেন, "বিভ্রান্তি নিরসন করে সংবিধানের আলোকে রায় বাস্তবায়নের জন্য উচ্চ আদালতের পুনর্বিবেচনা ও ব্যাখ্যার জন্য এই আবেদন করা হয়েছে।" তিনি একটি মামলার নজির তুলে ধরে বলেন, অতীতেও এ ধরনের আবেদন সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে।
আদালত সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
এর আগে সকালে ড. কামাল হোসেন প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি উত্থাপন করলে আদালত বিষয়টি নিয়ে নিয়ম অনুযায়ী চেম্বার বিচারপতির কাছে আবেদন জানানোর পরামর্শ দেন।
আবেদনকারী ইদ্রিসুর রহমান সাংবাদিকদের বলেন, অসৎউদ্দেশ্য প্রণোদিত মামলার ক্ষেত্রে জরুরি বিধিমালার ১৬ (২) ধারার মামলার ক্ষেত্রে উচ্চ আদালত অভিযুক্তের জামিন আবেদন বিবেচনা করতে পারবে। এছাড়া এই আইনের ১৯ (গ) ও ১৯ (ঞ) ধারার কিছু কিছু মামলার ক্ষেত্রেও হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। তবে এর পরও এ নিয়ে বিভ্রান্তি রয়েছে। তাই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রায়টি পুনর্বিবেচনা করে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলে বিভ্রান্তির অবসান হবে।
শুনানির সময় আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার আমীর উল ইসলাম ও সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার উপস্থিত ছিলেন।
শুনানির পর ড. কামাল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের রায়ের পর বলা হয়েছিল, জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় হাইকোর্ট জামিন দিতে পারবে না। কিন্তু রায় পেয়ে দেখা গেল কিছু সুযোগ রয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্য আমরা আবেদন করেছি।
জরুরি ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত অভিযুক্তের জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল গত ২৩ এপ্রিল মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। এর অর্থ জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত জামিন বিবেচনা করতে পারবে না।
গতবছর ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় জামিনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।
এরপর ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা মামলায় খুলনার তেল ব্যবসায়ী মাইজউদ্দিন সিকদার হাইকোর্টে গতবছর ২৯ মার্চ জামিন আবেদন করেন।
গতবছর ২২ এপ্রিল হাইকোর্ট জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা ও জামিন প্রদান করতে পারবে বলে রায় দেয়। হাইকোর্ট তার রায়ে বলেছিল, জরুরি ক্ষমতা বিধিমালায় উল্লেখিত আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকে বোঝায় না। আদালত মাইজউদ্দিনকে জামিনও দেন। এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯২১ঘ.
bdnews24