২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের জন্য জুনের মধ্যে জনবল ও যানবাহনের ব্যবস্থা করার নির্দেশ

আগামী ১ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের জন্য জনবল ও যানবাহনের ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই তারিখেই এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছে। ২ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 11:15 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের জন্য জনবল ও যানবাহনের ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই তারিখেই এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছে। ২ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতের আদেশে বলা হয়, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য সরকারকে অবিলম্বে যানবাহন, জনবল ও প্রয়োজনীয় অবকাঠামোর ব্যবস্থা করতে হবে।" শুনানিতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল জনবল ও যানবাহনের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ একটি হলফনামার মাধ্যমে আদালতে উপস্থাপন করেন। নতুন নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আনুষঙ্গিক লোকবল, যানবাহনসহ অবকাঠামোগত ব্যবস্থা করতে সুপ্রিম কোর্ট গত বছর ১২ ডিসেম্বর সরকারকে নির্দেশ দেয়। এ নির্দেশনা বাস্তবায়নে বেশ কয়েকবার তাগিদও দেয় আদালত। সরকার কিছু ব্যবস্থা নিলেও সুপ্রিম কোর্টের আদেশ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সুপ্রিম কোর্টের আদেশে সরকার গত ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার কার্যক্রম শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/১৬৫২ ঘ.