২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে বাংলাদেশী শ্রমিক নিয়োগ বন্ধ, পুরোনোদের ওয়ার্ক পারমিটও স্থগিত

সম্প্রতি প্রবাসী বাংলাদেশীর হাতে দোসারি নামের এক বাহরাইনি নাগরিক খুন হওয়ায় দেশটির সরকার নতুন বাংলাদেশী শ্রমিক নিয়োগ ও পুরনো শ্রমিকদের ওয়ার্ক পারমিট নতুন করে অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 06:05 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি প্রবাসী বাংলাদেশীর হাতে দোসারি নামের এক বাহরাইনি নাগরিক খুন হওয়ায় দেশটির সরকার নতুন বাংলাদেশী শ্রমিক নিয়োগ ও পুরনো শ্রমিকদের ওয়ার্ক পারমিট নতুন করে অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য বাহরাইন পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ে একটি আবেদন দাখিলের জন্য বাহরাইনে বাংলাদেশী কমিউনিটির নেতারা মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে এক সভা করে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বাংলাদেশ দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নেজার সাদিক আল বাহারনারের সঙ্গে বৈঠক করেন। তিনি বাংলাদেশীদের পক্ষে বক্তব্য বাহরাইনি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। নেজার সাদিক বলেন, বাংলাদেশীদের প্রতি আমাদের সহানুভুতি রয়েছে। তবে হত্যকাণ্ডের ঘটনায় বাংলাদেশীদের প্রতি বাহরাইনের সর্বস্তরের জনগণের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ কারণে যে কোনও ধরনের সিদ্ধান্ত হতে পারে। তবে পরিস্থিতির উন্নতি হলে তা আবার পুনর্বিবেচনা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যা ঘটনার পরপরই বাহরাইনে বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের কাছে একটি শোকবার্তা পাঠায়। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও নিহতের পরিবারের সদস্যদের কাছে সমবেদনা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাহরাইনের প্রভাবশালী সাংসদ, স্থানীয় প্রচারমাধ্যম, মানবাধিকার গ্র"প এবং নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএআর/এমআই/১১৫৭ ঘ.