২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫২ কোটি টাকার বাজেট হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮ - ০৯ অর্থবছরে ১৫২ কোটি টাকার বাজেট হতে যাচ্ছে। ২২ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে উপাচার্য বরাবর ২০০৮-০৯ এবং ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেটের প্রস্তাব পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮ - ০৯ অর্থবছরে ১৫২ কোটি টাকার বাজেট হতে যাচ্ছে। ২২ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে উপাচার্য বরাবর ২০০৮-০৯ এবং ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেটের প্রস্তাব পাঠানো হয়। ২০০৮-০৯ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একশ' পঁয়ত্রিশ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ষোল কোটি দশ লাখ টাকার সংস্থান করা হবে। মঞ্জুরি কমিশনের বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় মিলিয়ে এ অর্থবছরের জন্য প্রস্তাব করা হয়েছে মোট ১৫২ কোটি টাকা । এ অর্থবছরে বেতন-ভাতা ও পেনশন মঞ্জুরি বাবদ ১২১ কোটি টাকা, সরবরাহ ও সেবা (শিক্ষা ও গবেষণাসহ আনুষঙ্গিক কার্যক্রম) খাতে ১৫ কোটি টাকা। অর্থাৎ গতানুগতিকভাবে বাজেটের ৮০ শতাংশই রয়েছে বেতন-ভাতা-পেনশন খাতে। মাত্র ১০ শতাংশ ব্যয় হবে শিক্ষা ও সহায়ক খাতে। এছাড়া সরবরাহ ও সেবা খাতে (সাধারণ আনুষঙ্গিক) ১৩ কোটি ৫০ লাখ, মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন খাতে দু' কোটি ৩০ লাখ টাকা এবং সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে, এ বাজেটে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কোন বিশেষ বরাদ্দ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রস্তাবিত এ বাজেট প্রথমে ফিন্যান্স কমিটিতে পাঠানো হয়। সেখান থেকে সিন্ডিকেট হয়ে এরপর তা সিনেট অধিবেশনে পাশ হয়। শিক্ষা ও সহায়ক খাতে স্বল্প বরাদ্দ দেওয়া প্রসঙ্গে কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিন্যান্স কমিটিতে বিভিন্ন খাতের বরাদ্দ রদবদল করা হতে পারে। ২৫ ও ২৬ জুন সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১৫ঘ.