ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় সজীব রহমান (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সকাল ৬টায় খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় সজীবের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।"
সজীবের গলায়, পেটে ও কোমরের পিছনে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সজীব একটি পোশাক কারখানায় কাজ করতো বলে পুলিশ জানায়।
নিহতের চাচা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সন্ধ্যায় সজীব বাসা থেকে বেরিয়ে যায়। এরপর আর বাসায় ফেরেনি। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মর্গে গিয়ে আমরা লাশ শনাক্ত করি।"
এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি জাকির হোসেন।
হত্যাকাণ্ডের ঘটনায় সজীবের ভাই সুমন বাদি হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন।
নিহত সজীব চার ভাই এক বোনের মধ্যে চতুর্থ। তাদের বাসা উত্তর গোড়ানে। গ্রামের বাড়ি বরিশাল কোতোয়ালী থানার রাজারচরে। তার বাবার নাম আলী হোসেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24