ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে ৫ তলার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে রোববার গুরুতর আহত হয়েছে দুই কিশোরী গৃহকর্মী।
তাদের অভিযোগ, গৃহকর্তার যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা পালানোর চেষ্টা করছিল।
আহত আফসানা (১৪) ও সূর্য রানীকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গৃহকর্তা ব্যাবসয়ী নাসির উদ্দিন মামুনকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ আজিজ মহল্লায় মামুনের বাসা থেকে আফসানা ও সূর্য রানীকে উদ্ধার করে। আফসানা গৃহকর্তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছে। আর সূর্য গৃহকর্তাসহ বাসার লোকজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে।
শিবলী নোমান জানান, আফসানা ও সূর্যর অভিযোগ শোনার পর মামুনকে গ্রেপ্তার করা হয়।
মামুন মোহাম্মদপুর থানায় বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আফসানা ও সূর্যরানী প্রায় ৬ মাস ধরে তার বাসায় গৃহকর্মীর কাজ করছে। আফসানা মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যেই সে আবোল তাবোল কথা বলে। শনিবার রাতে সে নয়শ টাকা চুরি করে। এ নিয়ে তাকে বকা দেয়া হয়। এ কারণে সে থানায় মিথ্যা অভিযোগ করে থাকতে পারে। আর সূর্যরানী নির্যাতনের যে অভিযোগ এনেছে তাও ঠিক নয়।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফসানা অভিযোগ করেন, মামুন তাকে যৌন সম্পর্কে স্থাপনে বাধ্য করতো। আফসানা একবার গর্ভবতী হয়ে পড়লে মামুন ভ্র"ণ নষ্ট করতে বাধ্য করে।
আফসানা বলেন, "আমাদের কখনো বাসা থেকে বের হতে দেওয়া হতো না। অত্যাচার থেকে বাঁচতেই আমরা দুজন ৫ তলার ছাদে উঠে পাশের তিন তলার ছাদে লাফিয়ে পড়ি।"
একই হাসপাতালে চিকিৎসাধীন সূর্যরানী অভিযোগ করেন, গৃহকর্তা ছাড়াও বাসার অন্য লোকজনও নানা অজুহাতে তাকে মারধর করতো। অনেক সময় খেতেও দিত না। আর একারণেই তারা পালানোর চেষ্টা করে।
মামুন একসময় জতীয় পার্টির সঙ্গে সর্ম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে মোহাম্মদপুর-ধানমন্ডি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২৩৩৯ ঘ.
bdnews24