২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে

চাঁদাবাজির মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আকরাম হোসেন ও সদস্য আলাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

নাটোর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আকরাম হোসেন ও সদস্য আলাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। হাকিম আক্ততারুজ্জামান আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়। আদালতের পেশকার জান মোহম্মদ মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে জানান, গত বছর ২ জুলাই ওই ইউপি চেয়ারম্যান ও সদস্য একই উপজেলার মালিগাছা গ্রামের মোহাম্মদ আলীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা জানালে মোহাম্মদ আলীকে বাড়িতে আটকে রেখে ৮০ হাজার টাকার চেক লিখিয়ে নেন তারা। ২০০৭ সালের ১৯ জুলাই মোহাম্মদ আলী অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ১৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আদালত। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিনেশ চন্দ্র জানান, তার মক্কেলদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪২ ঘ.