ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান।
রোববার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চে এ আবেদন করা হয়। সোমবার এর ওপর শুনানি হতে পারে।
২০০৬ সালের ৪ জুলাই রাতে বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বিরকে হত্যা করা হয়। ওই বছরের ৭ জুলাই এ ব্যাপারে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
ওই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত ৪ অক্টোবর রমনা থানায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ (শাহ আলম) ছয় জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এ মামালার এজহারভুক্ত অন্য আসামিরা হলেন শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীর, সাদাত সোবহান, আবু সুফিয়ান ও তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নূরউদ্দিন অপু।
গত ৬ মে এ ঘুষের মামলায় আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে তারেক রহমান ও কাজী সালিমুল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
এতে বলা হয়, সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্র"পের মালিক শাহ আলমের ছেলে সানবীরের নাম আসায় তাকে বাঁচানোর জন্য আসামিরা তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে কয়েক কিস্তিতে ২১ কোটি টাকা ঘুষ দেয়। এর মধ্যে তিন কোটি টাকা ব্যাগে করে বাবরের বাসায় দিয়ে আসেন শাহ আলম ও তার ছেলে সাদাত সোহবান। এই তিন কোটি টাকার মধ্যে এক কোটি টাকা নূরউদ্দিন অপুর মাধ্যমে তারেকের হাতে পৌঁছানো হয়।
তারেকের পক্ষে আবেদনটির ওপর শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার রফিক উল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২০২৬ ঘ.
bdnews24