২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজিপুর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

গাজিপুরে পুলিশের কাছ থেকে লুট হওয়া শটগানটি উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার আমবাগ এলাকা থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

গাজিপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজিপুরে পুলিশের কাছ থেকে লুট হওয়া শটগানটি উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার আমবাগ এলাকা থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন। আমবাগ এলাকার প্রায় দুই কিলোমিটার দূরে কোনাবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে অস্ত্রটি লুট হয়। এসপি আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, "ভোর ৬টার দিকে আমবাগ এলাকার একটি ঝিলের পাড় থেকে শটগানটি উদ্ধার করে পুলিশের একটি দল। শটগানটি ঘাসের নিচে লুকিয়ে রাখা ছিল।" শটগানটি উদ্ধার হলেও এর সঙ্গে লুট হওয়া কার্তুজ পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন জানান। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় যারা গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্রটি উদ্ধার করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজিপুর সদর উপজেলার কোনাবাড়ির নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে তিন টহল পুলিশের ওপর হামলা চালিয়ে কার্তুজভর্তি শটগানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় নায়েব আলী (৫৬) ও মোশাররফ হোসেন (৫০) নামে পুলিশের দুই কনস্টেবল গুরুতর জখম হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনার পর থেকে ওই এলাকায় চিরুনি অভিযানও চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪৫ ঘ.