২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী বই নিয়ে সময় প্রকাশনের ওয়েব পোর্টাল

বাংলাদেশী লেখক ও তাদের বই নিয়ে একটি ওয়েব পোর্টাল চালু করেছে সময় প্রকাশনের সহযোগী প্রতিষ্ঠান 'সময়নেট'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 05:49 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী লেখক ও তাদের বই নিয়ে একটি ওয়েব পোর্টাল চালু করেছে সময় প্রকাশনের সহযোগী প্রতিষ্ঠান 'সময়নেট'। সময় প্রকাশনের নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ জানান, publishers.com.bd ও publications.com.bd -এ দুটো ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের এক হাজার সাহিত্যিক ও আট হাজার বই সম্পর্কে তথ্য পাওয়া যাবে। শনিবার রাজধানীর হাতিরপুলে সময়নেট এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ফরিদ আহমদ এ কথা জানান। কল্পবিজ্ঞান লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সময়নেট এর উদ্বোধন করেন। ফরিদ আহমদ বলেন, "বাংলাদেশের জন্য এমন একটি ওয়েবসাইট দরকার যেখানে এ দেশের সাহিত্য, সাহিত্যিক, প্রকাশকদের ব্যাপারে বিস্তারিত তথ্য থাকবে। পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কেউ এ ওয়েবসাইট থেকে এদেশের সৃজনশীল জগৎ সম্পর্কে ধারণা নিতে পারবে। আমরা এমন একটি ওয়েব পোর্টালই তৈরি করতে চাচ্ছি।" তিনি জানান, তাদের ওয়েব সাইটে আলাদা একটি পৃষ্ঠায় এদেশে প্রকাশিত বইয়ের একটি তালিকা থাকবে। পাঠক অনলাইনে তার পছন্দের বইও কিনতে পারবে।" মুহম্মদ জাফর ইকবাল বলেন, "ইন্টারনেট খুবই শক্তিশালী একটি মাধ্যম। আমাদের প্রকাশনা জগত এর সঙ্গে যুক্ত হওয়ায় সাধারণ মানুষ এখন বাংলাদেশের বই ও চিন্তার জগৎ সম্পর্কে সহজেই জানতে পারবে।" নিজস্ব ওয়েব সাইট খোলার জন্য বাংলাদেশের সব প্রকাশকের প্রতি আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে শিল্পী হাশেম খান, অধ্যাপক মুনতাসির মামুন, কথাশিল্পী আনিসুল হক প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়েবসাইট দুটো পরিচালনায় সময়নেটকে কারিগরি সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান 'আলফানেট'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/২২৫৫ ঘ.