২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নড়াইল ও বাগেরহাটে বজ্রপাতে সাতজন নিহত

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল ও বাগেরহাটে শনিবার বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় মারা গেছেন দুই ভাই। আহত হয়েছেন তাদের বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল ও বাগেরহাটে শনিবার বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় মারা গেছেন দুই ভাই। আহত হয়েছেন তাদের বাবা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মারা গেছেন দুজন। নড়াইলে মারা গেছেন এক শিশু ও এক গৃহবধূ। বাগেরহাটে নিহত হয়েছেন একজন। আমাদের চাঁপাইনাবগঞ্জ প্রতিনিধি জানান, গোদাগাড়ি উপজেলার বিলচড়ি বিলে সকালে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন আজিজুর রহমান (২২) ও আব্দুর রহমান বাবু (১৯)। আহত হয়েছেন তাদের বাবা মো. ইউসুফ। তাদের বাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা গ্রামে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. তাজউদ্দিন জানান, সকাল ১১টার দিকে মো. ইউসুফ তার দুই ছেলেকে নিয়ে বিলচড়ি বিলে তাদের নিজেদের জমিতে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত আজিজুর ও বাবুকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তারা মারা গেছেন। ইউসুফকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে নিহতরা হলেন- নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খড়বোনা গ্রামের মোবারক হোসেন (৩৫) এবং গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের জশল গ্রামের ফরহাদ (১৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাঠে কাজ করার সময় দুপুর দেড়টার দিকে জশল এলাকায় মারা যান ফরহাদ এবং গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার বহিপাড়ায় মারা যান মোবারক। নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে শনিবার বিকেলে ঝড়ের সময় বজ্রপাতে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ সময় আরো দুই জন আহত হয়। নিহতরা হল- সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের অনিল বিশ্বাসের স্ত্রী কনিকা বিশ্বাস (৩৫) এবং লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের সালাম শেখের ছেলে ইসামুল (১০)। এ সময় বয়রা গ্রামের জলিল সিকদারের ছেলে কলিম সিকদার (১০) এবং মেয়ে জামিলা খাতুন (৮) নামের আরও দুজন আহত হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই সরকার বিডিনিউজকে জানান, লোহাগড়া বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সঞ্জিত কুমার সাহা বজ্রপাতে কনিকা বিশ্বাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জে শনিবার দুপুরে বজ্রপাতে সাদেকুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ঢেউয়াতলা গ্রামের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান শনিবার রাতে জানান, মোড়েলগঞ্জ উপজেলা থেকে শনিবার বিকালে সাদেকুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। দুপুরে বৃষ্টির সময়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। তবে এসময়ে তিনি কোথায় ছিলেন তা কেউ জানাতে পারেননি। বিকালে তার পরিবারের কাছে সাদেকের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কিউএইচ/এমএসবি/২১৩৬ ঘ.