টাঙ্গাইল, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারের অনিয়ম দুর্নীতি ও দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শনিবার দুপুরে ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল কারারক্ষীদের বেদম প্রহারে গুরুতর আহত হয়েছেন।
তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জেলারসহ দোষী কারারক্ষীদের শাস্তি দাবি করেছেন সেখানকার সাংবাদিকরা।
হাসপাতালে মির্জা শাকিল জানান, দুপুর ১টার দিকে জেলা কারাগারের সামনে দর্শনার্থীদের সঙ্গে কারাক্ষীদের দুর্ব্যবহারের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন। পরে তিনি জেলার মো. নজরুল ইসলামকে ফোনে এই ঘটনা জানান। জেলার ফোন রেখে দেন।
কিছুক্ষণ পর ১২/১৫ জন পোশাধারী ও সাদা পোশাকের কারারক্ষী এসে তাকে বেদম মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে আঘাত করে। তারা তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে।
খবর পেয়ে কয়েকজন সাংবাদিক তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জেলা প্রশাসক আখতার আলী সরকার আহত মির্জা শাকিলকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, "এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
জেল সুপার মো. ছগীর মিয়াও হাসপাতালে শাকিলকে দেখতে জানান। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে।"
বিকেলে প্রেসক্লাবে জরুরি প্রতিবাদ সভায় জেলার নজরুল ইসলামসহ জড়িত কারারক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা। সভায় সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24