২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জনতার মুখোমুখি হলেন জনপ্রতিনিধিরা

ঘুর্ণিঝড় সিডরে বিধ্বস্ত প্রকৃত পান চাষীরা সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং যাদের কোন ক্ষতি হয়নি তাদের নাম সাহায্যের তালিকায় উঠেছে- এমন অভিযোগ পান চাষি শেখ আব্দুল গণির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বাগেরহাট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডরে বিধ্বস্ত প্রকৃত পান চাষীরা সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং যাদের কোন ক্ষতি হয়নি তাদের নাম সাহায্যের তালিকায় উঠেছে- এমন অভিযোগ পান চাষি শেখ আব্দুল গণির। তিনি অভিযোগ করেন, সিডরের পরে দেখা গেছে ঘরবাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি অথচ নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের তালিকা তৈরি করে অর্থ সাহায্য দিয়েছেন। শনিবার সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে শুধু আব্দুল গণিই নন আরও অনেকে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। বাগেরহাটে টিআইবি এর উদ্যোগে জনপ্রতিনিধিদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান এটাই প্রথম। কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে 'সুশাসনের জন্য চাই জবাবদিহিতামূলক স্থানীয় সরকার: জনগণের মুখোমুখি নির্বাচিত জনপ্রতিনিধিরা' শীর্ষক অনুষ্ঠানে ইউনিয়নের মির্জাপুর গ্রামের সিরাজুল ইসলাম মাস্টার অভিযোগ করেন, তার বাড়ির সামনের মাটির রাস্তাটির ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্যের কোন মাথাব্যাথা নেই। অথচ এই ওয়ার্ডের ইউপি সদস্যের বাড়ির রাস্তাটি তিনি ঠিকই করে নিয়েছেন। তার বাড়ির সামনের এই রাস্তাটি দিয়ে শত শত মানুষ যাতায়াত করে থাকে। গোমতি গ্রামের মনিমোহন মণ্ডল বলেন, তার গ্রামের কয়েকশত মানুষের জন্য একটি গভীর নলকুপ আছে। এই নলকুপ থেকে ওই গ্রামের সবাই খাবার পানি সংগ্রহ করে থাকেন। বর্ষা মৌসুমে গোমতি গ্রামের কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়। এই ওয়ার্ডের ইউপি সদস্যকে বারবার জানালেও রাস্তাটি পাকা করার কোন উদ্যোগ তিনি নেননি। কেউ কেউ নাম প্রকাশ না করে অভিযোগ করেন, চলতি চিংড়ি চাষ মৌসুমে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ঘের মালিকরা বেড়িবাঁধের ভেতর লবণ পানি ঢুকাচ্ছেন। এতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে অথচ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা গুরুত্ব দিচ্ছেন না। এছাড়াও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, এসিড সন্ত্রাস, নারী শিশুপাচার প্রতিরোধ, বাল্যবিবাহ, মাদকসহ নানা সমস্যার কথা তুলে ধরে এর প্রতিকার চেয়েছেন এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান স ম রফিকুল ইসলাম রুমি এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে বক্তব্য দেন। তিনি বলেন, "সরকারের নির্দেশনা অনুয়ায়ী ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। দু'একটি অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নিয়েছি। যারা সিডরে আক্রান্ত হয়নি অথচ ঘরবাড়ি বিধ্বস্তের তালিকায় নাম উঠিয়ে টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।" চেয়ারম্যান বলেন, "সরকারের কাছ থেকে চাহিদার তুলনায় কম টাকা পাওয়ায় রাস্তাঘাট সংষ্কার ও উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। তার পরে সাধ্যমত এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিরা জনগণের সেবা করে যাচ্ছেন।" চিংড়ি চাষের ব্যাপারে সরকারের কোন সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কোন পদক্ষেপ নেওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, "এ এলাকার ৯০ ভাগ মানুষের আয়ের উৎস চিংড়ী চাষ। তাই চাষীরা মাজে মধ্যে বেড়িবাঁধের ভেতর লবণ পানি ঢুকাচ্ছেন। অধিকাংশ মানুষ যেটা চাইবে তাকে তো সেটা করতে হবে।" সচেতন নাগরিক কমিটির (সনাক) বাগেরহাট জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- সনাকের সদস্য সইফউদ্দিন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আক্তার, কাড়াপাড়া ইউনিয়নের ইউপি সদস শেখ আবুল হাসান, শেখ নাসিরউদ্দিন, খান আব্দুর রশিদ, আবু হানিফ হাওলাদার প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪২ ঘ.