২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো দুর্নীতি মামলা খারিজে খালেদার আবেদন শুনানি রোববার পর্যন্ত মুলতবি

নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে আবেদনটির ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে আবেদনটির ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। এরকম একশ'টি সিদ্ধান্তের মধ্যে পাঁচটিতে ভুল হতেই পারে। কিন্তু নাইকোকে তিনটি প্রান্তিক ও পরিত্যক্ত গ্যাস ফিল্ড দেওয়ার ক্ষেত্রে কোন অসৎ উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, দুর্নীতি করলে খালেদা জিয়া কীভাবে দুর্নীতি করেছেন, কত টাকা লাভবান হয়েছেন, কত টাকা বিদেশে পাঠিয়েছেন, কাকে কত টাকা লাভ দিয়েছেন- তার সুষ্পষ্ট অভিযোগ থাকতে হবে। কিন্তু এ মামলায় এরকম সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। তাই খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি চলতে পারে না। তিনি আরও বলেন, নাইকোকে গ্যাস ফিল্ড দেওয়ার ক্ষেত্রে সচিব পর্যায়ে সিদ্ধান্তের পর মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া কেবল অনুমোদন দিয়েছেন। তিনি কোন দুর্নীতি করেন নি। তাই তার বিরুদ্ধে এ মামলা হতে পারে না। গত ১৮ মে বেগম খালেদা জিয়া নাইকো মামলা খারিজের জন্য এ আবেদনটি দায়ের করেন। ২০ মে আবেদনটির ওপর শুনানি গ্রহণে হাইকোর্টের অপর একটি বেঞ্চ বিব্রতবোধ করে। পরে ২১ মে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি শুরু হয়। গত ৫ মে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। গতবছর ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ক্যানাডিয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৮২৫ ঘ.