২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদ করেছে র‌্যাব

মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লাছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বুধবার একটি সন্ত্রাসী দলের আস্তানা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লাছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বুধবার একটি সন্ত্রাসী দলের আস্তানা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। ভারতের ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে ২০/২৫ কিলোমিটার ভেতরে সন্ত্রাসীদের ওই আস্তানায় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালানো হয়। এসময় দু'পক্ষের গোলাগুলি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর র‌্যাব সদস্যরা আস্তানা থেকে দুটি একনলা বন্দুক এবং বেশ কিছু বই ও কাগজপত্র উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব- ৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাসিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা বই ও কাগজপত্র থেকে জানা গেছে সন্ত্রাসীরা 'কামতাপুর মুক্তি সংগঠন' এর সঙ্গে জড়িত। বইগুলো বাংলা ও ত্রিপুরা ভাষায় রচিত। তিনি জানান, এ আস্তানায় বাংলাদেশী সন্ত্রাসীদের পাশাপাশি ত্রিপুরার কামতাপুর মুক্তি সংগঠন এবং বিচ্ছিন্নতাবাদী ত্রিপুরা টাইগার সংগঠনের সদস্যরা নিয়মিত আসা-যাওয়া করত। বুধবার ভোররাতে অভিযান শুরুর পর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। র‌্যাবও পাল্টা ২২টি গুলি ছোড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এসএনডি/২১১৫ ঘ.