ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অস্ত্রধারী সাজিয়ে' একজনকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
তাদের অভিযোগ, সকালে র্যাব- ২ এর শিয়া মসজিদ ক্যাম্পের একটি দল জেনেভা ক্যাম্পের এ ব্লকের ১৮ নম্বার ঘর থেকে মো. সামসাদকে (৩০) সাজানো ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার করে।
সামসাদের স্ত্রী ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে সাদা পোশাকে চার থেকে পাঁচজন সশস্ত্র লোক ঘরে ঢুকে একটি অস্ত্র তার স্বামীকে ধরতে বলে। সামসাদ অস্ত্রটি না ধরায় তাকে মারধর এবং তাদের নয় মাসের শিশু সন্ত্রানকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে তিনি অস্ত্র হাতে নিতে বাধ্য হন। তখন অস্ত্রসহ সামসাদের ছবি তোলা হয়।
ফারজানা আরো জানান, সোরগোলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে মারধর করে। সামসাদের বড় বোন সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অস্ত্র উদ্ধারের সাজানো ঘটনার সাক্ষী হতে রাজি না হওয়ায় সামসাদের বড় ভাই আলতাফ হোসেনকে মারধর করে যুবকরা।
সামসাদের খালাতো ভাই ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুবকরা আমাকেও সাক্ষ্য দিতে বললে প্রথমে রাজি হইনি। পরে মাথায় অস্ত্র ঠেকিয়ে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়। এরপর সামসাদকে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ঘিরে ধরে। ওই সশস্ত্র লোকরা র্যাবের জ্যাকেট গায়ে চড়িয়ে ক্যাম্পের বাইরে রাখা গাড়িতে উঠে চলে যায়।"
দুপুরের পর ক্যাম্পের বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। তারা পাশের গজনবী এবং শাহজাহান সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ঘটনা তদন্তে পুলিশ কর্মকর্তাদের আশ্বাস পেয়ে সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
র্যাব- ২ এর শিয়া মসজিদ ক্যাম্পের ক্যাপ্টেন এসএম ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাপ্টেন মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল জেনেভা ক্যাম্পে গিয়ে সামসাদ নামে একজনকে একটি দেশি রিভলবারসহ আটক করে। পরে তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।"
এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "বিষয়টি এমন হওয়ার কথা নয়। তবুও আমরা খতিয়ে দেখছি।"
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ইয়াদুল ইসলাম জানান, সামসাদকে থানায় হস্তান্তর করে র্যাব- ২ এর শিয়া মসজিদ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান অস্ত্র আইনে একটি মামলা করেছেন।
এদিকে, ঘটনা সম্পর্কে জানতে চাইলে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি এখনো কিছু জানি না। তবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।"
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী সুপার আব্দুল মান্নান মিয়া সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দেন। তার প্রতিশ্র"তি পেয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।
রাত ১০টার দিকে র্যাবের মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে এলাকাবাসীর অভিযোগ ঠিক না। গ্রেপ্তারকৃত সামসাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএনডি/এমএইচবি/২২৫৯ ঘ.
bdnews24