২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকারকে এখনকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে: মরিয়ার্টি

আগামী নির্বাচনের পর নতুন সরকারকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেয়া সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অফ কমার্সের (অ্যামচেম) প্রতিনিধিদের সঙ্গে মাসিক ম্যধাহ্নভোজ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী নির্বাচনের পর নতুন সরকারকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেয়া সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অফ কমার্সের (অ্যামচেম) প্রতিনিধিদের সঙ্গে মাসিক ম্যধাহ্নভোজ সভায় তিনি এ মন্তব্য করেন। মরিয়ার্টি বলেন, যেহেতু বাংলাদেশ নির্বাচিত সরকার ব্যবস্থায় ফিরে যাচ্ছে, সেহেতু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো ধরে রাখা হবে নতুন নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, "আমি আশা করছি, সংস্কারের এই ধারা আগামী বছর ও পরবর্তী সময়েও অব্যাহত থাকবে। এই দেশকে তার স্বার্থক রূপে প্রতিষ্ঠিত করার জন্য নতুন পথ খুঁজে নিতে দেশের নেতৃবৃন্দের সঙ্গে একযোগে কাজ করার জন্য আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই।" বাংলাদেশ একটি সঙ্কটময় সময় পার করছে উল্লেখ করে মরিয়ার্টি বলেন, "বাংলাদেশ পৃথিবীর এমন একটি অংশে অবস্থান করছে যা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। এদেশের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে আরো অনেক কাজ বাকি রয়েছে।" তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো- গণতন্ত্রের অগ্রযাত্রা, উন্নয়ন নিশ্চিতকরণ ও সন্ত্রাসবাদের বিরোধীতা। দেশ থেকে দুর্নীতি দূর করা গেলে এ তিনটি লক্ষ্যই অর্জন করা সম্ভব বলে ম ন্তব্য করেন মরিয়ার্টি। দুর্নীতিকে গণতন্ত্রের শত্র" আখ্যায়িত করে রাষ্ট্রদূত বলেন, "এটা মানুষের ইচ্ছা ও একাগ্রতাকে নষ্ট করে। দুর্নীতি উন্নয়ন কর্মকাণ্ডকে বিপথগামী করে এবং যাদের প্রয়োজন কম তাদেরকেই সবচে বেশি সুবিধা দেয়।" একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ কম অর্জিত হয়, যার পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। শ্রোতাদের উদ্দেশে মরিয়ার্টি বলেন, "আপনারা সবাই বুঝতে পারেন যে দুর্নীতি বাংলাদেশের অর্থনীতির ক্ষতি করছে এবং এখানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করছে। তবে আপনাদের কেউ কেউ ধরেই নিয়েছেন, এ দেশে ব্যবসা করতে হলে দুর্নীতিকে সঙ্গে নিয়েই করতে হবে। আপনারা ভাবছেন, এ অবস্থা কখনোই বদলাবে না। কিন্তু আমি আপনাদের এভাবে না ভাবার জন্য অনুরোধ করব।" কেবল বাংলাদেশকেই দুর্নীতির বিরুদ্ধে লড়তে হচ্ছে না জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, প্রতিটি দেশকেই এটা মোকাবেলা করতে হয়। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশকে দুর্নীতির কারণে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। বাংলাদেশে সরকারি কাজে দুর্নীতির প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, "স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনী জালিয়াতি খুবই সাধারণ একটি বিষয়। আর জাতীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির খবরও কারো অজানা নয়।" তিনি বলেন, "বাংলাদেশে দুর্নীতি রোধ করতে হলে সরকার, ব্যবসায়ী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের সব স্তরের জনগণকে নিয়ে এ ব্যাপারে জাতীয় মতৈক্য গড়ে তুলতে হবে।" কোনো খাতের প্রতিনিধিরাই নিজেদের সব দুর্নীতি কার্যকরভাবে সনাক্ত করতে পারে না জানিয়ে তিনি বলেন, "এজন্য ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রত্যেক প্রতিনিধিকে নিজেদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে হবে।" তিনি বলেন, "দুর্নীতিবাজদের বিচার না করার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার অবসান ঘটাতে হবে। প্রত্যেককেই তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর তা না হলে কোনোভাবেই পরিস্থিতি বদলানো যাবে না। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ।" এ ব্যপারে আইনের শাসন নিশ্চিত করার প্রতি জোর দেন মরিয়ার্টি। তিনি বলেন, "দুর্নীতিবিরোধী আইন অবশ্যই কার্যকর হতে হবে। একইসঙ্গে মানবাধিকারের প্রতি সম্মান রেখে কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলতে হবে।" বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরতে গিয়ে একে 'একটি চমৎকার ও মেধাবী জনগোষ্ঠীর দেশ' অভিহিত করেন তিনি। মরিয়ার্টি বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ এদেশে বিনিয়োগের পথে দুটি বড় বাধা। তবে দুর্নীতিই বিদেশি বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে ভয়ের কারণ। পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পথে দুর্নীতিই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা। বাংলাদেশে দুর্নীতি দূরীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচডি/টিএইচ/জেকে/এমএ/২০১০ ঘ.